বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: বাংলাদেশের সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), বিচ্ছিন্নতাবাদী কিংবা তারা যারাই হোন—আমাদের সীমান্তে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এটা আমাদের ক্লিয়ার মেসেজ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি)’ প্যারেড গ্রাউন্ডে ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমরা মনে করি, মিয়ানমার তাদের এলাকায় যুদ্ধ করবেন, আমাদের দেশে তারা অনুপ্রবেশ ঘটাবেন না কিংবা অনুপ্রবেশ করবে না।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন করে কাউকে আহ্বান করছি না। তাদের সীমানায় তারা যুদ্ধ করুক, কিন্তু আমাদের সীমানায় তাদের ঢুকতে দেবো না, এটা আমাদের ক্লিয়ার মেসেজ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। মিয়ানমার তাদের দেশের মধ্যেই বিভিন্ন সময় সংকটের মধ্যে পড়েছে। আরাকান আর্মিসহ সেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধ করে চলছে। আমরা শুনেছি, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ঘটনায় আমাদের দেশের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনও সম্পর্ক নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কোনোক্রমেই যেন আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কিংবা অন্য কোনও বাহিনীর সদস্য আমাদের সীমানায় না ঢুকতে পারে। সেই লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিজিবি রাতদিন কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com