শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার, ডেস্ক নিউজ ॥
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খায়রুজ্জামান বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। তিনি এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি বিশেষ দল সোমবার বিকেলে সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ইউপি চেয়ারম্যান বাবু মোল্যাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত বাবু মোল্যার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।