বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : শনিবার ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। খেলার হবে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম। এতে অংশ নিচ্ছে মোট ৫টি দেশ। দলগুলো হলো স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। প্রথম ম্যাচ বিকেল ৩টায় ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিরোপা ধরে রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা, সহ-অধিনায়ক আঁখি খাতুন এবং কোচ গোলাম রব্বানী ছোটন।
সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।’ আঁখি বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি। আগের মাতো ভালো খেলে চ্যাম্পিয়ন হতে চাই।’
কোচ ছোটন বলেন, সব দলই ভালো সবার সঙ্গে আমাদের দল ভালো খেলার চেষ্টা করবে। ‘৩০ সেপ্টেম্বর থেকে আমরা অনুশীলন করছি। উজবেকিস্তানে আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলেছিলাম। তারপর থেকে ডেভেলপমেন্ট কার্যক্রম চলছে। ঘরের মাঠের এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা ভালো খেলে দর্শকদের আনন্দ দেবে এবং চ্যাম্পিয়ন হবে বলেই বিশ্বাস করি।’
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল দল ঘোষণা করেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। আরও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ দলের দলনেতা জাকির হোসেন চৌধুরী ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে সমর্থন দিতে দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য ফ্রি টিকিট ও জার্সি দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু রেজিস্ট্রেশন করেই জিতে নেওয়া যাবে জার্সি। এমনটাই বলা হয়েছে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়েছে, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ মাঠে বসে দেখার জন্য রেজিস্ট্রেশন করলেই ফ্রি টিকিট দেওয়া হবে।
শুধু তাই নয়, ভাগ্যবান ৫০ জন বিজয়ীকে দেওয়া হবে অনূর্র্ধ-১৯ নারী ফুটবল দলের জার্সিও। বাছাই করা ম্যাচের আগের দিন বাফুফে ভবন থেকে সংগ্রহ করতে হবে টিকিট। জার্সি বিজয়ীদেও ফোন কলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানাবে বাফুফে।