বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে বিএনপিকে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: আন্দোলন সমাবেশের নামে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে বলে বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বিএনপিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপির আন্দোলন সমাবেশ নিয়ে কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের যে কোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। আওয়ামী লীগ সংযমী তবে সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছে।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে।

ওবায়দুল কাদের আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে। বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই। বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com