রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে: ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। তাই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের আন্দোলন শুধু খালেদা জিয়াকে মুক্তির জন্য নয়, আওয়ামী লীগের মত একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে এ আন্দোলন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির মানববন্ধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমাদের নেত্রী দেশের মানুষের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছেন। আর সেই জন্য তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নিরপেক্ষ সরকারের অধীনে সবদলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা কোনো ধরনের তদন্ত না করেই বিএনপিকে দায়ী করা হচ্ছে। আসলে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আমরা দেশের মানুষকে আহ্বান জানিয়েছি আসুন ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করি। জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. খন্দকার হোসনে ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com