রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে ড্রোন হামলার শিকার হয়েছে।
বিবিসি জানিয়েছে, বাল্টিক অঞ্চলের কালিনিনগ্রাদের উদ্দেশে যাত্রা করা স্পার্টা-২ নামের কার্গো জাহাজটি শনিবার সকালে ড্রোন হামলার শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
তখন জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। পরে সুয়ারসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে ক্ষতিগ্রস্ত জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
ইউক্রেইন ও যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, একটি রুশ কোম্পানি পরিচালিত স্পার্টা-২ জাহাজটি ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছরের শুরুতে ইউক্রেইনের নিষেধাজ্ঞার শিকার হয়।
ফিনল্যান্ডের কোস্ট গার্ড জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে তারা হামলার খবর পান। এ ঘটনার পর ওই এলাকার আশপাশে সাময়িকভাবে বিমান ও নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার পেছনে ইউক্রেইনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিইভ।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেন, যুদ্ধ আমাদের একেবারে কাছে চলে এসেছে। আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেইনের রয়েছে।
পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ।
অঞ্চলটির গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ অঞ্চলে সরবরাহ ব্যবস্থার জন্য কোনো হুমকি নেই।
কালিনিনগ্রাদের গভর্নর টেলিগ্রাম পোস্টে লিখেছেন, রুশ উদ্ধারকারী জাহাজ স্পার্টা-২-এর কাছে পৌঁছলে জাহাজটির ক্রুরা জানিয়েছেন, তাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনা করছেন তারা।
পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষা বাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্রুদের অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। ওই জাহাজটি ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঘটনা সম্পর্কে নেটোকেও অবহিত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেন, হামলার তদন্তের দায়িত্বে রয়েছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
রাশিয়া ২০২২ সালে ইউক্রেইনে সামরিক হামলা শুরু করার পর থেকে ওই যুদ্ধের উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে বাল্টিক সাগর। ইউক্রেইন সম্প্রতি সম্মুখযুদ্ধের বাইরেও রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলার মাত্রা বাড়িয়েছে।