রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একটি গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলসহ তিনটি যানবাহন সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।
রোববার (২২ নভেম্বর) সকালের দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গরু ব্যবসায়ী ফজলুল হক। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও ঘটনাস্থলে মারা যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।