রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ২০২৬

শুভাশিস গোস্বামী (নবাবগঞ্জ) ভ্রাম্যমাণ প্রতিবেদক: চেনা বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জগতের বিচিত্র রূপ ও ইতিহাসের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ৪৯ নং মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ২০২৬।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী এই শিক্ষা সফরে শিক্ষার্থীরা জাতীয় চিড়িয়াখানা, মেট্রোরেল এবং সামরিক জাদুঘর ঘুরে দেখার আনন্দঘন সুযোগ পায়

সকাল থেকেই শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণা, হাসি-গান আর কৌতূহলে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আধুনিক গণপরিবহন মেট্রোরেলের অভিজ্ঞতা যেমন শিশুদের মনে নতুন রোমাঞ্চ জাগিয়েছে, তেমনি জাতীয় চিড়িয়াখানার জীববৈচিত্র্য ও সামরিক জাদুঘরের ঐতিহাসিক নিদর্শনগুলো তাদের জ্ঞানভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। চাপমুক্ত ও আনন্দঘন পরিবেশে শেখার এই আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হওয়া এই শিক্ষা সফরের নেপথ্যে ছিল বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা। বিশেষ করে বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি দেওয়ান আব্দুল বারী (Dewan Abdul Bari), সম্মানিত সহ-সভাপতি মো. ফরহাদ এবং অভিভাবক সদস্য মো. ফারুকসহ পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুদক্ষ ও সুযোগ্য সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় এই শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হয়।

তবে দিনব্যাপী এই আনন্দ-উচ্ছ্বাসের মাঝেও মাঝিরকান্দা পরিবার গভীরভাবে অনুভব করেছে একান্ত আপনজন, শিশুদের অত্যন্ত প্রিয় ও শিশু-বান্ধব মুখ শুভাশিস গোস্বামীকে (Subhashis Goswami) অসুস্থতার কারণে আজকের এই আনন্দ আয়োজনে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। শিক্ষার্থীদের ভালোবাসা আর সবার আন্তরিক প্রত্যাশা—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং খুব শীঘ্রই আবারও বিদ্যালয়ের আনন্দমুখর নানা আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি দিয়ে সবাইকে মাতিয়ে তোলেন।

সব মিলিয়ে শিক্ষার আনন্দ, পারস্পরিক সৌহার্দ্য আর নতুনকে জানার উচ্ছ্বাসে ভরপুর ৪৯ নং মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারের বার্ষিক শিক্ষা সফর হয়ে উঠেছে এক স্মরণীয় দিনলিপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com