বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শেরপুর প্রতিনিধি:: শেরপুরে জেলা জাতীয় পার্টির সম্মেলনে দলীয় চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে সম্ভব না।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এরপর তিনি শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে যোগ দেন তিনি।
জি এম কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।