শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা

স্পোর্টস রিপোর্টার:: টেস্ট চ্যাম্পিয়নইশপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই উদ্দেশ্যে আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এই সফরে ২১ সদস্যের প্রাথমিক দলের ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন আরো ২০ জন কোচিং স্টাফ ও বিসিবি অফিসিয়াল। অর্থাৎ মোট ৪১ জন সদস্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।

বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে আজ বেলা সাড়ে ১২টায় কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। প্রায় তিন ঘণ্টা যাত্রা শেষে কলম্বো পৌঁছাবে দল। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে নিগোম্বোতে। যেখানে তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করতে হবে সবাইকে।

মুমিনুলদের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুশীলন করবে বাংলাদেশ দল। পরেরদিন শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের মধ্যে এই ম্যাচটিতে অংশ নেবেন। এরপর ১৯ ও ২০ এপ্রিল দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম ম্যাচটি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। তিন দিনের বিরতির পর ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা-বাংলাদেশ একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

উল্লেখ্য, আসন্ন এই সিরিজকে সামনে রেখে ২১ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। আইপিএল খেলতে যাওয়ায় সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকা সৌম্য সরকার এবার জায়গা পাননি। আর ইনজুরিতে থাকায় বাদ পড়েছেন হাসান মাহমুদ।

এদিকে ২১ সদস্যের দলে নতুন তিনজন জায়গা পেয়েছেন। এরা হলেন- মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম এবং শহীদুল ইসলাম। আর দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন শুভাগত হোম।

২১ সদস্যের বাংলাদেশের স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com