বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শেখ রাসেল অ-১৮ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওয়ারী ওয়ারী থানা দল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এবারের আসরটি অনুষ্ঠিত হয়। শেখ রাসেল গোল্ডকাপ অ-১৮ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারী থানা দল। শুক্রবার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা তেজগাঁও থানা দলকে টাইব্রেকারে ৪-২ (১-১) গোলে হারিয়ে শিরোপা জেতে। বিজয়ী দলের সুজন ও বিজিত দলের তাজোয়ার বিন কাসেম ১টি করে গোল করেন।

ঢাকা মহানগরীর ৩২টি থানা দল নিয়ে এবারের শেখ রাসেল গোল্ডকাপ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ওয়ারীকে চ্যাম্পিয়ন ট্রফি ও ২ লাখ টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ১ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনের আরেক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মদ রতন এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যাসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা বছরব্যাপী এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করে যাব। আমরা দীর্ঘদিন ধরেই দেশের তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। সামনে আমরা অ-১২, ১৪, ১৫, ১৬- সব ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করব।’ ফাইনাল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com