রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, আইন-আদালত ডেস্ক ॥
২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার (২৫ জুলাই ২০২৬) গণমাধ্যমকে তিনি আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।
তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।
চাঞ্চল্যকর এ মামলায় ইতিমধ্যে দেশের বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক রাজনীতিক, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক
পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম
‘একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি’র উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির
সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল
জ্যেষ্ঠ সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু
প্রসিকিউশন সূত্রে জানা যায়, মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৪ মে ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে গত ৭ মে ট্রাইব্যুনালে এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) চেয়ে আবেদন করেছিল প্রসিকিউশন টিম।