বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শহীদ মিনারকে রক্তাক্ত করেছিল বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বিএনপি মাতৃভাষাকে অপমান করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন আপনারা (বিএনপি)। আপনারা একুশের চেতনা বিরোধী, আপনারা একাত্তরের চেতনা বিরোধী। যারা একুশের চেতনা মানে না তারা একাত্তরের চেতনাও বিশ্বাস করে না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যেখানে গিয়েছেন সেখানেই তারা বাধা দিয়েছে। আজ তারা দলবাজির কথা বলে। দলবাজি করেছে তারা। তারা ইতিহাসকে মুছে দিতে চায়। মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আর বিশ্বে স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। মাতৃভাষাকে আপনারা অপমান করেছেন। শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন আপনারা।

কাদের বলেন, এই অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আগুন সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে স্বাধীনতার আদর্শ কোনদিনও নিরাপদ নয়। এদের হাতে নিরীহ মানুষের জীবন, ভদ্র মহিলাদের সম্মান নিরাপদ নয়। এই অপশক্তি বিষবৃক্ষ, বিষফোঁড়া। এই বাংলার মাটি থেকে প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে। একুশের চেতনার বিরুদ্ধে যারা তাদেরকে প্রতিহত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com