শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অর্থনৈতিক প্রতিবেদক::
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে এ মাসেই নিউইয়র্কে মামলা করবে বাংলাদেশ। কোনোভাবেই মামলা করার সময়সীমা (৩ ফেব্রুয়ারি) অতিক্রম করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২০ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান সচিব মো. আসাদুল ইসলামও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলায় বিবাদী কারা বা কে হবে তা নির্ধারণের জন্য বাংলাদেশ ও নিউইয়র্কের আইনজীবীরা কাজ করছেন। তারাই এ বিষয়টি চূড়ান্ত করবেন।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীর ফি বা কমিশন সম্পর্কে আমরা অবগত রয়েছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। কমিশন রিপোর্ট দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটি প্রকাশ করা হয়নি-আপনি তা প্রকাশ করবেন কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রকাশ করার প্রয়োজন হলে প্রকাশ করব আর প্রয়োজন না হলে করব না।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক্টড করে পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলংকায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ছয় কোটি ৬৪ লাখ ডলার। এ অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে জমা রয়েছে।