মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
মাঈন উদ্দিন, খালিয়াজুরী ,নেত্রকোনা: স্বাধীনতার মহান সংগ্রামে জীবন বাজি রেখে লড়েছিলেন দেশের জন্য। যুদ্ধজয়ের সেই বীর সৈনিক এবার বিদায় নিলেন চিরকালের জন্য। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে সোমবার (২০ জুলাই) মানুষের ঢল নামে নিজ গ্রাম লেপসিয়ায়। বিউগলের করুণ সুর, জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ এবং স্বজনদের কান্নায় আবেগঘন হয়ে ওঠে পুরো এলাকা।
গত ১৯ জুলাই রোববার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে তাঁর মরদেহ নিজ গ্রাম লেপসিয়া চেয়ারম্যানপাড়ায় পৌঁছালে সর্বস্তরের মানুষ শেষবারের মতো প্রিয় এই মুক্তিযোদ্ধাকে দেখতে ভিড় জমান। সকাল ১১টায় লেপসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। অনেকেই অশ্রুসিক্ত নয়নে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণ করেন।
জানাজা শেষে মরদেহ নেওয়া হয় লেপসিয়া হাজী আবদুল মালেক–আয়মননেছা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহের সামনে বিউগলের করুণ সুর বেজে উঠলে উপস্থিত মানুষের মধ্যে নেমে আসে গভীর শোকের আবহ। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের মধ্য দিয়ে স্বাধীনতার এই বীর সন্তানকে জানানো হয় শেষ শ্রদ্ধা।
রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো রাষ্ট্রের দায়িত্ব এবং গর্বের বিষয়। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”
মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
স্বাধীনতার জন্য জীবন উৎসর্গে প্রস্তুত থাকা এক সাহসী যোদ্ধার বিদায়ে শোকাহত খালিয়াজুরী। রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে তাঁর শেষযাত্রা শুধু একজন মানুষের বিদায় নয়, মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করারও এক আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে।