শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
অর্থনৈতিক ডেস্ক:: শেষ পর্যন্ত কে জিতবে? বেসরকারি মুঠোফোন অপারেটর রবি নাকি সরকারের প্রভাবশালী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)! আগামীকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আর এর মধ্য দিয়ে শেষ হবে রবির ভ্যাট ফাঁকি ও এনবিআর কর্তৃক প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ ইস্যুতে শুরু হওয়া সরকারী-বেসরকারি এ দুটি সংস্থার টানাটানি।
এনবিআর সূত্রে জানা গেছে, রায়ে জয়ী হতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকাল ১০টায় শুনানিতে এনবিআরের পক্ষে দাঁড়াবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, রায়ে এনবিআর জিতবে। কারণ রবি সরকারের ভ্যাট ফাঁকি দিয়েছে তা প্রমাণিত। তাছাড়া রাজস্ব পরিশোধে বার বার সময় নিলেও রবি তা পরিশোধ না করে গর্হিত কাজ করেছে। সুতরাং রবির ব্যাংক হিসাব জব্দে এনবিআরের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেছি। তিনি শুনানিতে উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার রবি’র সব ব্যাংক একাউন্ট জব্দে এনবিআরের সিদ্ধান্ত বহাল রাখতে উচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করা হয়। এনবিআরের সিদ্ধান্তের উপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে এ আপিল করা হয়। এর আগে মঙ্গলবার রবির ব্যাংক হিসাব জব্দে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট।
জানা গেছে, সোমবার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে রবি’র একাউন্ট স্থগিতের দেশের সকল তফসিলি ব্যাংকে চিঠি দেয় ভ্যাট এলটিইউ। পরের দিন মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এনবিআরের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন।
প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের ওই চিঠি পাঠানো হয়। পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে রবি।
অভিযোগের বিষয়ে জানা গেছে, রবি অপরিশোধিত সম্পূরক শুল্ক, স্থান ও স্থাপনা ভাড়ার উপর প্রযোজ্য অপরিশোধিত সম্পূরক শুল্ক ও মূসক এবং বিটিসিএলকে দেওয়া সেবার উপর মূসক বাবদ মোট ১৮ কোটি ৭২ লাখ ৩২ টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না করে ফাঁকি দিয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি রবি আজিয়াটা লিমিটেডের কাছে বিভিন্ন বকেয়া ভ্যাট বাবদ ৯২৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৫২৯ টাকা আদায়ে চূড়ান্ত দাবিনামা ইস্যু করে এনবিআর।