শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হঠাৎ অসুস্থ ডিপজল

বিনোদন প্রতিবেদক:: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিয়ে করেছেন। এই বিয়েকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে চলছে তার বাড়িতে আনন্দ-উৎসব। মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ডিপজল।

অসুস্থতার বিষয়ে ডিপজল জানান, ‘মেয়ের বিয়ের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমি অনেক ক্লান্ত, অসুস্থ হয়ে পড়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন।’

মেয়ে ও জামাইয়ের জন্য দোয়া চেয়ে ডিপজল বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমার মেয়ের অনুষ্ঠানে এসে এবং ফোন করে যারা দোয়া করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমার মেয়ে এবং জামাতা যেন সুস্থ সুন্দর একটি জীবন পরিচালনা করতে পারে।

এর আগে গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিপজল। তখন থেকেই চিকিৎসকদের বিধিনিষেধের মধ্যে থাকতে হয় তাকে।

ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে ডিপজল কন্যা ওলিজার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন ধানমণ্ডির একটি হোটেলে হয় গায়েহলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়া ভাইখ্যাত অভিনেতা নায়ক ফারুক, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহিন সুমন, অঞ্জনা, নাদের খান, জায়েদ খান, বাপ্পী, শাবনূরসহ অনেকেই।

বিয়ে বিষয়ে ডিপজল জানান, ‘পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ করেছি। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’

ডিপজল আরও জানান, ‘অর্পণের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন। তার কয়েকজন আত্মীয় দেশের বাইরে চলে যাবেন। এ কারণে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে শিগগিরই সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

উল্লেখ্য, ডিপজলকন্যা ওলিজা লন্ডনের ডিএফএমএ মেকআপ একাডেমিতে পার্টটাইম শিক্ষক হিসেবে কাজ করছেন। বাংলাদেশে ২০১৭ সালে বাবা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন তিনি। কিন্তু কিছুদিন শুটিং করার পর ব্যস্ততার কারণে ছবির কাজ শেষ করতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com