শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
একুশের কন্ঠ ডেস্ক : ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ২৩ হাজার যাত্রী। মোট ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন সৌদি আরবগামী ও দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা।
এ পরিস্থিতিতে অনেকের নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। বিশেষ করে সৌদি আরবে কর্মস্থলে যোগ দিতে যাওয়া প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে জরুরি প্রয়োজনে যাতায়াতের পরিকল্পনা করা যাত্রীরাও পড়েছেন অনিশ্চয়তায়।
ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের নতুন করে টিকিটের সময় নির্ধারণ, বিকল্প ফ্লাইট খোঁজা এবং অতিরিক্ত খরচের আশঙ্কা তৈরি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।