বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বিনোদন ডেস্ক:: বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। সিনেমাটিতে ‘সিল্ক স্মিতা’ চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১১ সালের ২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পর বিদ্যা বালানের ক্যারিয়ারের গতিপথই বদলে যায়।
‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক একতা কাপুর। এ ফ্র্যাঞ্চাইজির নতুন পার্ট আসার খবরে উচ্ছ্বসিত বিদ্যা বালান। এই অভিনেত্রী জানিয়েছেন, এই ধরনের কোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তা আনন্দের সঙ্গেই গ্রহণ করবেন তিনি।
ভ্যারাইটি ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, সেই ক্ষুধা, সেই আকাঙ্ক্ষা এখনো আমার মধ্যে প্রবলভাবে রয়েছে। চরিত্র যেমনই হোক না কেন, আমি একজন লোভী অভিনেত্রী। আগেও লক্ষবার বলেছি, ভবিষ্যতেও আরো কোটিবার বলব-কোনো প্রজেক্ট যদি আমাকে অনুপ্রাণিত করে, তা হলে দ্বিতীয়বার না ভেবেই পুরোপুরি তার মধ্যে ঝাঁপিয়ে পড়ব।
‘দ্য ডার্টি পিকচার’ সিনেমা মুক্তির ১৫ বছর পর একতা কাপুর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ‘দ্য ডার্টি পিকচার টু’-এর কাজ শুরু হতে যাচ্ছে। তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন, কিংবা কাকে কেন্দ্র করে গল্প এগোবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি। তবে প্রযোজক জানিয়েছেন এমন একটি গল্প খুঁজে পেয়েছেন, যা পর্দায় তুলে ধরতে চান তিনি।
তবে এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে হলে গল্পটি অবশ্যই তার অভিনীত চরিত্রের জীবনকাহিনির গণ্ডি পেরিয়ে যেতে হবে বলে মত বিদ্যা বালানের। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বলেন, “সিল্ক’ তো আর এই গল্পের অংশ হতে পারে না। তাই বিষয়টি ঠিক কী হবে, তা জানি না। আমার ম্যানেজারের কাছে শুনেছি-একতা ‘দ্য ডার্টি পিকচার টু’-এর ঘোষণা করেছেন। খবরটা শুনে দারুণ খুশি হয়েছি। ‘দ্য ডার্টি পিকচার’-এ এমন অনেক সম্ভাবনা রয়েছে, যেখান থেকে প্রতিবারই সম্পূর্ণ আলাদা গল্প তৈরি করা যায়। তাই দেখা যাক, কী হয়! একতা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তা হলে অবশ্যই খুব খুশি হব। তবে সত্যি বলতে, সিল্কের গল্প শেষ হয়ে গিয়েছে। তাই এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে হলে নতুন করে অন্য কোনো বিষয় তুলে ধরতে হবে।
ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় ‘দ্য ডার্টি পিকচার’। একজন নারীর তারকা হয়ে ওঠার কাহিনির পাশাপাশি সিনেমাটিতে তুলে ধরা হয়-খ্যাতি, আকাঙ্ক্ষা, শোষণ এবং জনমানসে একজন অভিনেত্রীর ভাবমূর্তি।
মিলান লুথরিয়া নির্মিত এ সিনেমায় বিদ্যা বালান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন—নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি, তুষার কাপুর। ১৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১১৭ কোটি রুপি।
১৯৯৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘হাম পাঁচ’ টিভি সিরিজে অভিনয় করেন বিদ্যা বালান। ২০০৩ সালে ভারতীয় বাংলা সিনেমা ‘ভালো থেকো’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে সাইফ আলী খান, সঞ্জয় দত্তর সঙ্গে পর্দা ভাগ করে নেন বিদ্যা।
বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার টু’। গত ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। মুক্তির পর থেকে বক্স অফিসে রাজ করছে সিনেমাটি। রজনীকান্ত অভিনীত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলাল, রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনা, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ প্রমুখ।