বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শ্রীশ্রী রক্ষা কালী মাতার মন্দিরে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিবেদক (শুভাশিস গোস্বামী):: শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কলাকোপা পোদ্দার বাজার শ্রীশ্রী রক্ষা কালী মাতার মন্দির কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো মন্দির প্রাঙ্গণে এত বৃহৎ ও প্রাণবন্ত আয়োজনের শুভ সূচনা হলো, যা উপস্থিত সর্বস্তরের ভক্তদের মাঝে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এমন দৃষ্টিনন্দন আয়োজনের সমস্ত কৃতিত্ব আমাদের এই অঞ্চলের উদীয়মান ও প্রাণবন্ত তরুণ ভাইদের, যাদের অক্লান্ত শ্রমে অনুষ্ঠানটি সফলতার মুখ দেখেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সমরেন্দ্র নাথ গোস্বামী, ভাগবত সাহা, অজয় সাহা, সাধন রায়, পংকজ সাহা, সুকুমার সাহা এবং অর্জুন সাহা।
অনুষ্ঠানের আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা মন্দির কমিটির তরুণদের এই যুগান্তকারী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাবু সমরেন্দ্র নাথ গোস্বামী তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এই পবিত্র মন্দির প্রাঙ্গণে এই প্রথম এমন মনোরম উৎসবের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এই সদিচ্ছা ও উদ্যম আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সনাতনী সংস্কৃতির চর্চায় উৎসাহিত করবে।”

ভাগবত সাহা অনুভূতি প্রকাশ করে বলেন, “তরুণ ভাইদের হাত ধরে আমাদের মন্দিরে আজকের এই নতুন অধ্যায়ের সূচনা হলো। এই আনন্দ ও মেলবন্ধন যেন প্রতি বছর এভাবেই অব্যাহত থাকে, এটাই আমার প্রত্যাশা।”

সুকুমার সাহা তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি আয়োজন সম্ভব হয়েছে। বিশেষ করে প্রবাসে থেকেও আমাদের তরুণদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা গর্বিত।”

বক্তারা তাঁদের বক্তব্যের মাঝে ফ্রান্স প্রবাসী প্রিতম মন্ডলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রিতম মন্ডল দূর প্রবাসে অবস্থান করেও হৃদয়ের টানে অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য সৌজন্য উপহার হিসেবে সুন্দর গেঞ্জি প্রদান করেছেন। তাঁর দেওয়া এই উপহার পরে অতিথিসহ সকল তরুণ ও উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করায় মন্দির প্রাঙ্গণে এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য ও একতার আবহ তৈরি হয়। অন্যদিকে, মায়েরা এক রঙের শাড়ি ও পোশাক পরিধান করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় সম্পূর্ণ অনুষ্ঠানস্থল যেন এক অনন্য ও স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে ওঠে।

পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান জুড়ে ছিল বৈচিত্র্যময় ও আকর্ষণীয় নানা আয়োজন। তরুণদের পরিকল্পিত প্রতিযোগিতার মধ্যে ছিল:

মনোরম নৃত্য ও সংগীত পরিবেশনা, বুদ্ধিদীপ্ত কুইজ প্রতিযোগিতা, একটি মাত্র কাঠি দিয়ে মোমবাতি প্রজ্জ্বলন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী শঙ্খ ধ্বনী ও উলুধ্বনী প্রতিযোগিতা
আনন্দদায়ক চেয়ার সেটিং (Chairs Setting) প্রতিযোগিতা, প্রতিটি প্রতিযোগিতাতেই সকল বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শঙ্খ ও উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ মন্দির চত্বর।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, কলাকোপা পোদ্দার বাজার শ্রীশ্রী রক্ষা কালী মাতার মন্দির কমিটির পক্ষ থেকে সকল অতিথি, অংশগ্রহণকারী ও উদ্যোক্তা তরুণদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আনন্দের এই সাংস্কৃতিক সন্ধ্যার সফল সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com