সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

টাইগার শ্রফকে গুলি: মুম্বাইয়ে কারো দাদাগিরি চলবে না-উপমুখ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক:: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। টাইগার শ্রুফ ছাড়াও আরো দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর প্রকাশ্যে এসেছে অভিনেতার ছবি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, টাইগার শ্রফের ডান কাঁধ, ডান হাত, বাঁ হাত ও বুকে ব্যান্ডেজ। তার চোখে মুখে ভয়-আতঙ্কের ছাপ। তবে আশার কথা অভিনেতা গুলিবিদ্ধ হননি। গতকাল গভীর রাতে টাইগারকে দেখতে তার বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এসময় অভিনেতার মা আয়েশা শ্রফও সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন একনাথ শিন্ডে। বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নিন্দা প্রকাশ করে তিনি জানান, কাউকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা বরদাস্ত করা হবে না। সরকার এই ধরনের ‘গুন্ডামি’ বন্ধ করবে বলেও স্পষ্ট বার্তা তার। একনাথ শিন্ডে বলেন, মুম্বাইয়ে কারো দাদাগিরি চলবে না।

অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একনাথ শিন্ডে বলেন, এটি একটি বড় ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। সৌভাগ্যবশত, নিরাপদে আছেন তিনি। তার গাড়িচালক আহত হয়েছেন। ঘটনাটি নিন্দনীয়।

গুলি চালানোর পর বারুদের প্রভাব এবং ভাঙা কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন টাইগার। একনাথ শিন্ডে বলেন, আমি অভিনেতার সঙ্গে দেখা করেছি। বারুদের প্রভাব এবং কাচের টুকরোর আঘাতে তার বাঁ হাতে আঘাত লেগেছে। তিনি এবং তার মা দু’জনেই বেশ আতঙ্কিত।

আশ্বস্ত করে একনাথ শিন্ডে বলেন, বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না।

মুম্বাইয়ের গ্যাং-হিংসার ইতিহাসের কথা উল্লেখ করে একনাথ শিন্ডে বলেন, নব্বই দশকে এই ধরনের গ্যাং-যুদ্ধ ছিল খুবই সাধারণ ঘটনা। কিন্তু ১৯৯৫ সালে মুম্বাই পুলিশ সেগুলো বন্ধ করে। মানুষকে ভয় দেখানোর এই চেষ্টা সহ্য করা হবে না। আমরা এই গুন্ডামি বন্ধ করব। মুম্বাইয়ে কারো দাদাগিরি চলবে না।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার মোহিত গর্গ জানিয়েছেন, রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটা নাগাদ মুম্বাইয়ের একটি ফুটবল ক্লাব থেকে টাইগার শ্রফ বেরিয়ে আসার সময় অজ্ঞাত কয়েকজন গুলি চালায়। এতে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা টাইগার শ্রফ। তবে এই ঘটনায় তার গাড়িচালকসহ দু’জন আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। টাইগারের শরীরে কোনো গুলি লাগেনি। জুহু থানাধীন এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com