সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
আবুল হাশেম ফকিরঃ দীর্ঘ দিনের শিক্ষকতা, শিক্ষানুরাগ, মানবিকতা ও সমাজসেবার স্মৃতি রেখে না ফেরার দেশে চলে গেলেন ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমির উদ্দিন মোল্লা। যিনি সবার কাছে পরিচিত ছিলেন আমিন মাস্টার নামে। তাঁর মৃত্যুতে কার্তিকপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার ১৯ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৫টায় বার্ধক্যজনিত অসুস্থতার কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ জীবনে শিক্ষকতার পাশাপাশি শিক্ষার প্রসার, মানুষের কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার কারণে তিনি এলাকায় শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
আমিন মাস্টারের মৃত্যুতে একজন প্রবীণ শিক্ষককে হারানোর পাশাপাশি এলাকার মানুষ হারিয়েছেন তাঁদের পরিচিত এক অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে। তাঁর প্রয়াণে শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে রেজুওয়ান ইসলাম রাজু মোল্লা ও এক মেয়ে বর্তমানে দেশে রয়েছেন। অন্য ছেলে-মেয়েরা নিজ নিজ পরিবার নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন।
আমির উদ্দিন মোল্লার মৃত্যুতে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গুণীজন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রবীণ শিক্ষক আমির উদ্দিন মোল্লার মৃত্যুতে একুশের কণ্ঠ ও একুশের কণ্ঠ ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করা হয়।