সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
বইমেলা। ফাইল ফটো একুশের কণ্ঠ প্রতিবেদন:: ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭-এর আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
এ ছাড়া, বইমেলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ।
এদিকে বাংলা একাডেমির সূত্র জানিয়েছে, ২০২৭ সালে পবিত্র রমজান মাস ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে অমর একুশে বইমেলার তারিখ এগিয়ে আনার দাবি জানিয়েছেন প্রকাশকেরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলা একাডেমির দাবি, গতবার পবিত্র রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় বই বিক্রি আশানুরূপ হয়নি বলে প্রকাশকেরা তাদের জানিয়েছিলেন। এ পরিস্থিতি এড়াতে এবারও প্রথমদিকে ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন প্রকাশকেরা। তবে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সরকার ১৪ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজন করতে চেয়েছিল। অমর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বইমেলার আয়োজন করা হয় বলে সরকার প্রায় পাঁচ সপ্তাহব্যাপী মেলা আয়োজনের পরিকল্পনা করেছিল।
সূত্রটি জানায়, সরকারের মূল লক্ষ্য ছিল মেলার সমাপ্তি যেন ২১ ফেব্রুয়ারিকে ঘিরেই হয়, তা নিশ্চিত করা। এ কারণে মেলার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে অমর একুশে ফেব্রুয়ারির গুরুত্ব বিবেচনায় নেওয়া হয়েছিল।