রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
পঞ্চগড় জেলা প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। জেলার ২৬৮টি মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি ফোর্সেস, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তিন স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে। ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে।
এসআরবি-১৩, রংপুরের সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী আজ রবিবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সিপিসি-২, নীলফামারী ক্যাম্প ও এসআরবি-১৩-এর পর্যাপ্ত সদস্য মাঠে মোতায়েন থাকবে।
তিনি বলেন, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে। পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা কোনো দুষ্কৃতকারীমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য, গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে নজরদারি চালাচ্ছে। যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে সর্বসাধারণকে অনুরোধ জানান তিনি। নাশকতার চেষ্টা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো তথ্য পেলে এসআরবিকে জানানোর আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মধুসূদন বনিক, বাংলাদেশ পুজা ফ্রন্টের জেলা আহ্বায়ক মধুসুধন বনিক, সদস্য সচিব নারায়ণ চন্দ্র ঝা।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা আনন্দময় ও নিরাপদ উৎসবে পরিণত হবে বলে এসআরবি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে। শেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। এসআরবি সদর দপ্তর সকল কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটর করছে। দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য আপনারা পেলে সে সম্পর্কে এসআরবি ফোর্সেসকে অবহিত করুন।
গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্গাপূজা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি সঠিক তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩, রংপুর জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আমরা চাই, দুর্গাপুজা হোক নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার একটি উৎসব।
সনাতন ধর্মানুসারীদেরসহ সর্বস্তরের জনগনকে জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপুজার আন্তরিক শুভেচ্ছা এবং সবার জীবন আনন্দ শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক। দেশ এগিয়ে যাক শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সহমর্মিতার পথে।