রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বক্স অফিসে রজনীকান্ত ঝড়: ৩ দিনে আয় ৩২১ কোটি

বিনোদন ডেস্ক:: দীর্ঘ ৩ বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি তারকা রজনীকান্ত। পূর্বের মতো দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন নেলসন দিলীপ কুমার। মজার ব্যাপার হলো-সিনেমাটির অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলাল। তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা।

গত ১৫ অক্টোবর ভারতের ২ হাজার ৫০০ প্রেক্ষাগৃহ ও বিদেশে ১ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জেলার টু’ সিনেমা। মুক্তির আগে থেকেই রজনীকান্তের সিনেমাটি নিয়ে উন্মাদনায় ভাসেন তার ভক্ত-অনুরাগীরা। আর মুক্তির পর প্রিয় তারকার সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই, তারই ছাপ পড়েছে বক্স অফিসেও। বলা যায়, বক্স অফিসে ঝড় তুলেছেন রজনীকান্ত!

চলতি বছরে তামিল ভাষার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘জেলার টু’ (১১০ কোটি রুপি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে-জন নায়াগান’ (৮১.০৫ কোটি রুপি), ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ (৩০ কোটি রুপি)।

চলুন জেনে নিই, রজনীকান্তের আলোচিত সিনেমা ৩ দিনে বিশ্বব্যাপী কত টাকা আয় করল-

স্যাকনিল্কের তথ্য মতে, ‘জেলার টু’ সিনেমা ৩ দিনে ভারতে আয় করেছে ১৪৪.০৫ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ১৬৯ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৫২ কোটি রুপি (গ্রস)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৩২১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১৫ কোটি ৮০ লাখ টাকা)।

বলিমুভিরিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘জেলার টু’ সিনেমা ভারতে আয় করেছে ৫৯ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩৭ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ৪৮ কোটি রুপি (নিট)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৩১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪০১ কোটি ৫৫ লাখ টাকা)।

‘জেলার টু’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনা, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, সুরাজ প্রমুখ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মারন। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

বলে রাখা ভালো, ২০২৩ সালের ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় ‘জেলার’ সিনেমা। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়ে যায়। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ৬০০-৬৩৫ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com