শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বর্তমান তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে কারও পক্ষে কোনো বিষয় গোপন রাখা বেশ দুষ্কর। ফের তা প্রমাণ হল। বের হয়ে এলো সুপারস্টার লিওনেল মেসি সম্পর্কে আড়ালে-আবডালে থাকা পাঁচটি তথ্য। তো আর দেরি কেন? চটজলদি জেনে নিই প্রিয় ফুটবলার সম্বন্ধে সেসব অজানা কথা-
পেটুক: মেসি বাল্যকালে ছিলেন ভীষণ পেটুক।হাতের কাছে যা পেতেন তাই খেয়ে ফেলতেন। এতটাই ভোজনরসিক ছিলেন যে, এক পেয়ালা নুডলস চোখের পলকে সাবাড় করে ফেলতেন; কেউ টেরই পেতেন না। প্রিয় ছিল চর্বিযুক্ত সব খাবার।
উদযাপন: গোল করলেই দুহাতের দুআঙুল উঁচিয়ে আকাশপানে অপলক দৃষ্টিতে তাকিয়ে উদযাপন করেন মেসি। কিন্তু কেন এ ভঙ্গি তার জানেন কী? না জানলে জেনে নিন-১০ বছর বয়সে দাদিকে হারান মেসি। দাদি ছিলেন ছোট ম্যাজিসিয়ানের ভীষণ প্রিয়। একসময়ের সবচেয়ে কাছের মানুষটিকে সম্মান জানাতেই এমন উদযাপন তার।
শখ: ফুটবলের বরপুত্রের খুবই পছন্দ ঘুম, ভিডিও গেম, মুভি।ক্যারিয়ার শুরুর পর অধিকাংশ সময় এসব করেই কাটাতেন।বাবা হওয়ার পর তাতে পরিবর্তন আসে।পরে বাচ্চাকাচ্চাদের বেশি সময় দেন।সবসময় পাশে রাখেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে।
অপচ্ছন্দ/ঘৃণা: বার্সা প্রাণভোমরা সবচেয়ে অপচ্ছন্দ করেন মোবাইল ফোনে কথা বলতে। জরুরি প্রয়োজনেও এতে কথা বলেন না তিনি। এসএমএস দিয়েই কাজ সারেন। যোগাযোগের জন্য দরকারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবু ফোনে কথা বলেন না।
চুক্তি: ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। বিস্ময় বালককে ডেরায় ভেড়াতে আগ্রহ দেখালেও চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল রিভার প্লেট। চিকিৎসার জন্যে প্রতিমাসে প্রয়োজন ছিল ৯০০ মার্কিন ডলার। তখনই তার প্রতিভা সম্পর্কে জানতে পারেন কাতালানদের তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস। ছুটে যান আর্জেন্টিনা, ছোট শিশুটির খেলা দেখে মুগ্ধ হন তিনি। সঙ্গে সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে পড়েন রেক্সাস। হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে বাবা হোর্হে মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন এ কর্তা। পরের গল্পটা শুধুই দ্যুতিময়।