বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

মুমিনুলরা প্রশংসায় ভাসছেন টেস্ট জয়ে, ৫ জানুয়ারি দিনটি শুধুই বাংলাদেশ ক্রিকেটের

এবাদতকে স্যালুট জানাচ্ছেন সতীর্থরা

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : বুধবার ৫ জানুয়ারি, ২০২২ এই দিনেই যে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দিনটি শুধুই বাংলাদেশ ক্রিকেটের। এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয় তুলে নেওয়া গেছে। তাতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার জয়ও তুলে নেওয়া গেছে। সেই জয়টিও এসেছে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে। আর তাই দিনটিতে শুধু বাংলাদেশই প্রশংসার দাবিদার। তুমুল বেগে প্রশংসা পাচ্ছেও বাংলাদেশ।
জয়ের পর উল্লসিত বাংলাদেশ ক্রিকেটাররা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পৃথক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। খবর বাসসর।

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান রাষ্ট্রপ্রধান।
অপরদিকে টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

তারা অবশ্যই পাঁচদিন আমাদের চেয়ে ভালো খেলেছে : নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম

এমনদিন খুব কমই দেখার মিলেছে। টানা পাঁচদিন দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম তো বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচ হেরেও প্রতিপক্ষ দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাথাম। বলেছেন, ‘দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। তারা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। এ ছাড়া তারা শর্ট বল খুবই ভালো খেলেছে। তাদের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি। তারা অবশ্যই পাঁচদিন আমাদের চেয়ে ভালো খেলেছে।’

অবিশ্বাস্য! এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি অর্জন : তাসকিন আহমেদ

উইকেটের বিবেচনায় দেশের বাইরে সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ড্রেসিংরুমে টাইগাররা আনন্দ উদযাপন করেন। মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’ এরপর শুরু হয় দলের সম্মিলিত কণ্ঠে ‘আমরা করবো জয়’ গান। ঐতিহাসিক জয় শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসকিন আহমেদ বললেন, ‘অবিশ্বাস্য! এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি অর্জন।’

মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন : তামিম ইকবাল

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে করা পোস্টে তামিম লিখেছেন, ‘আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে “আমরা পারি, আমরা অবশ্যই পারি।” বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

দলের জয় নিয়েও তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি! সবচেয়ে ভালোলাগার বিষয়, সর্ম্পূণ দলীয় প্রচেষ্টার জয় এটা। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।’
দিনটা উপভোগ করো।

সব কৃতিত্ব তোমাদের : সাকিব আল হাসান

বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান টুইট করেছেন। লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন। আমাদের ফাস্ট বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ব্যাটসম্যানরাও দারুণ খেলেছে। দিনটা উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের।’
আশাকরি ২০২২ সালটা আমাদেরই হবে : মোহাম্মদ সাইফউদ্দিন

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেসবুকে পোস্ট করেন, ‘আলহামদুলিল্লাহ্ । সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ অপেক্ষার পর এমন অসাধারণ একটি জয়। বিশেষ করে এই সময়ে আমাদের খুব বেশি দরকার ছিল। অভিনন্দন দলনায়ক মুমিনুল হক ভাই সহ টীমমেট দের। আশাকরি ২০২২ সালটা আমাদেরই হবে, ইনশাআল্লাহ।’

আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন : ভিভিএস লক্ষণ

ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ টুইট, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’

অসাধারণ বাংলাদেশ : মাইকেল ভন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন অভিনন্দন জানিয়ে টুইট করেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরের টুইট, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পির টুইট, ‘অসাধারণ নৈপূণ্য।’ শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্মের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’ নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করেন, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’

ভারতের সাবেক ক্রিকেটার আরপি সিং টুইট করেন, ‘২০২২ সালে টেস্ট ক্রিকেটের কি দারুণ শুরু! বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাল। ভাবা যায় এক দশকের বেশি সময় নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান কোনো জয় দেখেনি। অভিনন্দন টাইগার্স।’

দুর্দান্ত বাংলাদেশ, ২০২২ সাল একটি অর্জন দিয়ে শুরু হলো : ইয়ান বিশপ

বাংলাদেশের জয়ের মুহূর্তের ভিডিও টুইটারে শেয়ার করে অভিনন্দিত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। সাবেক ক্যারিবিয়ান তারকা ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের মনও স্পর্শ করে গেছে বাংলাদেশের সাফল্য, ‘দুর্দান্ত বাংলাদেশ, ২০২২ সাল একটি অর্জন দিয়ে শুরু হলো।’

ও’ব্রায়েন লিখেছেন, ‘বাংলাদেশের সকল মানুষের জন্য আমি খুবই খুশি আজ। সেখানে খেলোয়াড় হিসেবে সফরে গিয়েছি এবং একাধিকবার বিপিএলে কাজ করেছি। দেশটির ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব বগ একটি মুহূর্ত। ভালো খেলেছেন টাইগাররা। অসাধারণ!’

নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয় : আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাদের পেজে শিরোনাম করেছে, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।’ ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘এবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।’ আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, ‘এবাদত জ্বলে ওঠায় নবযুগের সৃষ্টি হলো বাংলাদেশের।’

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে বিখ্যাত জয় তুলে নিল বাংলাদেশ।’ অস্ট্রেলিয়ার প্রথমসারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করল বাংলাদেশ।’

বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাকক্যাপস : নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ

নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ লিখেছে, ‘বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাকক্যাপস।’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘এবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এ এক ঐতিহাসিক জয় দেখার মতো জয়।’

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়, ৮ উইকেটে টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।’ বিসিসি তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের কাছে অঘটনের শিকার নিউজিল্যান্ড।’ ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় এবাদত হোসেন ম্যাচ সেরা।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com