বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মুমিনুলকে উপদেশ দেওয়ার মতো আছেন শুধুই মুশফিকুর রহিম

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : পাকিস্তানের বিপক্ষে শুক্রবার ২৬ নবেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। এই টেস্টে অধিনায়ক মুমিনুল হককে মাঠে খেলার সময় উপদেশ দেওয়ার মতো ক্রিকেটার আছেন শুধু মুশফিকুর রহিম।

আর কেউই যে অভিজ্ঞতায়, অধিনায়কত্বে পরিপূর্ণ ক্রিকেটার দলে নেই। যে সিনিয়র ক্রিকেটাররা টেস্ট নিয়মিত খেলেন, তাদের মধ্যে সাকিব আল হাসান ইনজুরি থেকে মুক্ত না হওয়ায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন। তামিম ইকবালও ইনজুরির জন্য টেস্ট সিরিজেই নেই। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট খেলা ছেড়েছেন। বাকি আছেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অভিজ্ঞতায় ভরপুর সিনিয়র ক্রিকেটার হিসেবে আছেন মুশফিকিই। আর তাই মাঠে খেলার সময় উপদেশ নেওয়ার মতো শুধু মুশফিককেই পাশে পাচ্ছেন মুমিনুল। প্রথম টেস্টের দলে আছেন ১৫ ক্রিকেটার।

অধিনায়ক মুমিনুলের সঙ্গে মুশফিক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা রয়েছেন। মাহমুদুল ও রাজা প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন।

পেসারদের মধ্যে এবাদত (৮ টেস্ট খেলেছেন) ও রাহীর (১২ টেস্ট খেলেছেন) টেস্ট ক্যারিয়ার এত বড় হয়ে যায়নি যে মুমিনুলকে বিশেষ উপদেশ দিতে পারবেন। স্পিনারদের মধ্যে তাইজুল (৩৩ টেস্ট) অনেক অভিজ্ঞ। তবে নেতৃত্ব করার মতো অভিজ্ঞতা একদম নেই। মেহেদি হাসান মিরাজও (২৭ টেস্ট) অনেক অভিজ্ঞ।

কিন্তু মুশফিকের মতো উপদেশ কী আর মুমিনুলকে দিতে পারবেন? নাঈম হাসান খেলেছেনই মাত্র ৭ টেস্ট। ব্যাটারদের মধ্যে ইয়াসির আলী রাব্বির এখনও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সি গায়ে অভিষেকই হয়নি। শান্ত (৯ টেস্ট), সাদমান ইসলাম (৮ টেস্ট), সাইফ হাসান (৫ টেস্ট), সোহান (৩ টেস্ট) দলের সাথে থাকলেও খুব বেশি টেস্ট খেলা হয়নি।

সেই তুলনায় লিটন দাস (২৫ টেস্ট) দলের সঙ্গে অনেক সময় ধরে আছেন। টেস্টও খেলেছেন অনেক। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কোথায়? এই দলে মুমিনুলের আগে মুশফিকই নেতৃত্ব দিয়েছেন। আর কেউ নেই যে টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন। ৭৫ টেস্ট খেলা মুশফিকই শুধু ৪৫ টেস্ট খেলা মুমিনুলকে মাঠে খেলার সময় উপদেশ দেওয়ার মতো থাকছেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com