শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বড় শোরুমগুলোতে ফিক্সড প্রাইজে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা

অর্থনৈতিক ডেস্ক:: গত এপ্রিলে রাজধানীর মৌচাক মোড়ে দেশীয় ফ্যাশন হাউস অঞ্জন’স এর শোরুমে সুতি কাপড়ে কাজ করা একটি পাঞ্জাবির দাম লেখা ছিল ২ হাজার ৫০০ টাকা।

মে মাসে এসে (রমজান মাস) সেই একই পাঞ্জাবির দামের ট্যাগ লাগানো হয়েছে ৪ হাজার টাকা। এক মাসের ব্যবধানে পাঞ্জাবির দাম বাড়ার কথা জানতে চাইলে সেখানকার কর্মচারীরা জানান, যা লেখা আছে সে দামেই কিনতে হবে।

এ দামে যদি একজন ক্রেতা এ পাঞ্জাবি ক্রয় করে তবে সেখানকার ব্যবসায়ী এ পাঞ্জাবিতে মুনাফা করবে ক্রয়মূল্যের প্রায় ৬০ শতাংশ বেশি। যেখানে সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশ মুনাফার নিয়ম বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

তবে সেই নিয়মের কোনো প্রভাব নেই বাজারে। এভাবে বরাবরের মতো ঈদকে ঘিরে এবারও এক দামের (ফিক্সড প্রাইস) আড়ালে প্রতারণার ফাঁদ পেতেছে বিভিন্ন নামিদামি শো-রুম। রাজধানীসহ দেশের বিভিন্ন শো-রুমে ব্যবসায়ীরা পণ্যে নতুন করে দামের ট্যাগ লাগিয়েছে।

ক্রেতাদের অভিযোগ, শবেবরাতের আগে যে পোশাকের দাম ছিল ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। ঈদকে ঘিরে তা এখন সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার নতুন ট্যাগ যুক্ত করা হয়েছে।

এতে একদিকে যেমন সাধারণ ক্রেতারা প্রতারিত হবেন। অন্যদিকে মুনাফার পাহাড় গড়ছেন ব্যবসায়ীরা। এসব অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতায় বাড়তি ব্যয়ের ভার সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে। আর প্রতি বছর এ একই ঘটনা ঘটছে। যা দেখার কেউ নেই।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আড়ং’র শো-রুমে গিয়ে দেখা গেছে, মেয়েদের প্রতিটি থ্রি-পিস ৩ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। যা শবেবরাতের আগেও কম দামে বিক্রি হয়েছে।

সেখানে পোশাক কিনতে আশা সামিরা আহসান বলেন, গত মাসে আমি থ্রি-পিস কিনতে এসেছি তখন দাম হাতের নাগালে ছিল। কিন্তু মাসের ব্যবধানে রোজার আগেই তারা সব ধরনের থ্রি-পিসে ২ থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে।

আর দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা বলছেন, ঈদকে ঘিরে সব কিছুর দাম একটু বেশিই থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেল্স এক্সিকিউটিভ  জানান, পহেলা বৈশাখ উপলক্ষে অল্প পরিমাণে কাপড়ের দাম বাড়ানো হয়। আর রমজানের ঈদকে কেন্দ্র করে নতুন ডিজাইনের পোশাক আসার সঙ্গে পুরানো ডিজাইনের কাপড়েও দাম বাড়ানো হয়েছে।

কারণ, ঈদে সবারই বেশি ব্যয় করার ইচ্ছা থাকে। আর এ সময়কে ঘিরেই পোশাক খাতের পুরো এক বছরের ব্যবসা হয়। সঙ্গে বাড়তি ক্রেতার চাপের জন্য খণ্ডকালীন সেল্স এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হয়।

তাদের বেতন ও অন্যান্য লাভের জন্য পোশাক একটু বেশি দামে বিক্রি করতে হয়।

রাজধানীর বসুন্ধরা সিটিতে দেশীয় ফ্যাশন হাউস রঙ’র শো-রুমে পাঞ্জাবি কিনতে আসা মো. ইসমাইল  বলেন, একটি ইফতারের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পাঞ্জাবি কিনতে এসেছি।

কিন্তু দাম দেখে মনে হচ্ছে পাঞ্জাবি কিনতে পারব না। ঈদ আসার আগেই জামা-কাপড়ের দাম এতো বাড়িয়ে দিয়েছে যে কেনাই মুশকিল হয়ে যাচ্ছে। আর এসব বিষয়ে সংশ্লিষ্টদের কোনো ভূমিকা থাকছে না।

ব্যবসায়ীরা যে যেভাবে পারছে সেভাবে দাম যুক্ত করে বিক্রি করছে। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে আমাদের মতো সাধারণ ক্রেতারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, পণ্যের দাম নিয়ন্ত্রিত করার কথা বলা হয়েছে। পণ্যের গায়ে লেখা দামেই বিক্রি করতে হবে। তবে অযৌক্তিক দাম নির্ধারণ করা যাবে না।

তবে এসব নিয়ম শুধু কাগজে-কলমে। বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। কে কত বেশি দাম রাখতে পারে তার প্রতিযোগিতা চলছে শো-রুমগুলোতে। অভিজাত মার্কেটগুলোতে এক হাজার টাকার পণ্য দুই থেকে আড়াই হাজার টাকা, তিন হাজার টাকার পণ্য পাঁচ হাজার টাকা দাম লিখে রাখা হচ্ছে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর  বলেন, নির্ধারিত দামে পণ্য বিক্রির নিয়ম থাকলেও, দাম কী হবে তা বিক্রেতারাই নির্ধারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com