বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজে জমে উঠেছে সাগরিকা স্টেডিয়ামে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশের ক্রিকেট দল। ৮৩ রানের লিড হয়ে গেছে, উইকেটে আছেন নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম ১২ রানে ও অভিষিক্ত ইয়াসির আলী ৮ রানে। দ্রুতই সাজঘরে ফেরা শীর্ষ ৪ ব্যাটারের জন্য তাই তৃতীয় দিনের শেষটা সুন্দর হয়নি। সবমিলিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্ট ব্যাট-বলের লড়াইয়ে দারুণ জমে উঠেছে।
ক্যাচ মিসে ভয় ধরে গিয়েছিল। দিনটি এত সুন্দরভাবে শুরু করেও না আবার বিপদে পড়তে হয়। শেষ পর্যন্ত সব বিপদ দুর করে বাংলাদেশকে লিড এনে দিলেন স্পিনার তাইজুল ইসলাম। তার ঘূর্ণি বলগুলোতে একের পর এক পাকিস্তান ব্যাটার আউট হন। বাংলাদেশও প্রথম ইনিংস শেষে ৪৪ রানের লিড নেয়। তাইজুল একাই ৭ উইকেট শিকার করে নেন।
পাকিস্তানের ১০ উইকেটের মধ্যে ৭ উইকেটই তাইজুল নেন। ৪৪.৪ ওভারে ৯ মেডেনসহ ১১৬ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৭ উইকেট শিকার করেন তাইজুল। এরআগে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো এমন কীর্তি দেখান। ক্যারিয়ারের নবমবারের মতো ৫ বা তার বেশি উইকেট শিকার করেন তাইজুল।
খুব ভালো একটি সকাল মিলেছে। তা আরও ভালো হতে পারত। যদি সেঞ্চুরিয়ান আবিদ আলীর ক্যাচটি প্রথম সিøপে ধরতে পারতেন নাজমুল হোসেন শান্ত। তাহলে পাকিস্তান যে প্রথম ইনিংসে ২৮৬ রান করেছে, তাও করতে পারত না। বাংলাদেশের ৩৩০ রানের জবাব দিতে গিয়ে তৃতীয় দিনে প্রথম দুই সেশনেই অলআউট হয় যায় পাকিস্তান। আবিদ আলী (১৩৩) শুধু যা প্রতিরোধ গড়তে পারেন।
আবদুল্লাহ শফিক (৫২) দ্বিতীয় দিন যে রানে ছিলেন, তৃতীয় দিন সেখানেই থামেন। এরপর আজহার আলী, বাবর আজম (১০), ফাওয়াদ আলম (৮), মোহাম্মদ রিজওয়ান (৫), হাসান আলী (১২), সাজিদ খান (৫), নোমান আলী (৮)কোন প্রতিরোধই গড়তে পারেননি। শেষে ফাহিম আশরাফ (৩৮) ও শাহিন শাহ আফ্রিদি (১৩*) চেষ্টা করেন। কিন্তু ২৮৬ রানের সময় ফাহিমকে আউট করে দিয়ে পাকিস্তানকে অলআউট করে দেন তাইজুল। বাবর, রিজওয়ান ও সাজিদের উইকেট ছাড়া বাকি উইকেটগুলো তাইজুলই শিকার করেন।
চট্টগ্রাম টেস্টে যা বোঝা যাচ্ছে, দিনের প্রথম সেশন যে জিততে পারবে, তারই সুবিধা হবে। প্রথমদিন প্রথম সেশনে ৪ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম সেশনে হারায় ৬ উইকেট। তৃতীয় দিন প্রথম সেশনে পাকিস্তানও ৪ উইকেট হারায়। নাজমুল হোসেন শান্ত ১১৩ রানে থাকা আবিদ আলীর ক্যাচটি প্রথম সিøপে না ছাড়লে পাকিস্তানের ৫ উইকেট পড়ত। দুইদিন শেষ দুই সেশনে কোন উইকেটই পড়েনি। তৃতীয় দিন দ্বিতীয় সেশনেই পাকিস্তানের আরও ৬ উইকেটের পতন ঘটে যায়।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ১৪৫ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশ থেকে ১৮৫ রানে পিছিয়ে ছিল। তৃতীয় দিন আবিদ আলীর সেঞ্চুরিই যা পুজি হয়ে থাকে পাকিস্তানের।
বাংলাদেশ এরআগে এ বছর জিম্বাবুয়ে সফরেই প্রথম ইনিংসে ব্যাট করে লিড নিয়েছিল। ১৯২ রানের লিড নিয়েছিল। জুলাইয়ে হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেও প্রথম ইনিংস শেষে লিড নেয় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে মুলতানে প্রথম ইনিংসে ব্যাটিং করে লিড নিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮১ রান করে পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৭৫ রানে অলআউট করে ১০৬ রানের লিড নিয়েছিল।
এরআগে একই বছর পেশোয়ারেও ৬৬ রানের লিড নিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৬১ রান করে পাকিস্তানকে ২৯৫ রানের বেশি করতে দেয়নি। দুটি টেস্টেই শেষ পর্যন্ত হেরেছিল বাংলাদেশ। মুলতান টেস্টে জয়ের অনেক কাছে গিয়েও হেরেছিল। এবার তৃতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে লিড নিল। দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে তাইজুলের অসাধারণ বোলিং নৈপুন্যে। তাইজুলের ঘূর্ণিতে তছনছ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। তৃতীয় দিন বিনা উইকেটে ১৪৫ রানে থেকে শুরু করে পাকিস্তান। সেখান থেকে সব উইকেট হারিয়ে আর ১৪১ রান করতে পারে পাকিস্তান।