শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ব্যাংকের টাকায় ৪২ প্রতিষ্ঠান কিনবে কাঁচা চামড়া

অর্থ-বাণিজ্য ডেস্ক:: বিগত বছরের মতো এবারও কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের ঋণ দিয়েছে সরকারি চারটি ব্যাংক। এর বাইরে কয়েকটি বেসরকারি ব্যাংকও চামড়া কিনতে ব্যবসায়ীদের ঋণ দিয়েছে। ব্যাংকগুলো জানিয়েছে, প্রতিষ্ঠিত ট্যানারির মালিকরা এবার ঋণ পেয়েছেন। যারা গত বছরের ঋণের টাকা ফেরত দিয়েছেন, কেবল তাদেরই এবার ঋণ দেওয়া হয়েছে। এবার ৪২টি ট্যানারি প্রতিষ্ঠানকে ৬০১ কোটি টাকা দিয়েছে সোনালী জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক। এই পরিমাণ টাকা দিয়ে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ কাঁচা চামড়া কিনতে পারবেন তারা। গত বছর ৪০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল ৫২৬ কোটি টাকা ঋণ। সেই হিসাবে এবার কাঁচা চামড়া কিনতে ৭৫ কোটি টাকা বেশি ঋণ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘এবার আমরা গরু, মহিষ ও ছাগলের ৭০ লাখ পিস কাঁচা চামড়া কিনতে পারবো বলে আশা করছি।’ তিনি বলেন, ‘ব্যাংক থেকে আমরা যে পরিমাণ টাকা চেয়েছি, তা পাইনি। যারা আগের ঋণ শোধ করেছে, কেবল তাদেরকেই ব্যাংক টাকা দিয়েছে।’ ব্যাংকের ঋণ দেওয়ার সিদ্ধান্ত কাগজে-কলমেই থেকে যাবে বলেও মত দেন তিনি।

জানা গেছে, চার বাণিজ্যিক ব্যাংকের মধ্যে এবার চামড়া কিনতে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটি এবার ৩২টি ট্যানারি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ২১০ কোটি টাকা,গত বছর দিয়েছিল ২০১ কোটি টাকা। এবার দ্বিতীয় সর্বোচ্চ ঋণ দিয়েছে রূপালী ব্যাংক। সামিনা ট্যানারি, বেঙ্গল লেদার ও এইচএনএইচ লেদার অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ১৭৫ কোটি টাকা ঋণ দিয়েছে এই ব্যাংক। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান জানান, এবার তিনটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে ১৭৫ কোটি টাকা। গত বছর চারটি প্রতিষ্ঠানকে চামড়া কিনতে ১৩৫ কোটি টাকা দিয়েছিল ব্যাংকটি। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে। ভুলুয়া ট্যানারি, আমিন ট্যানারি ও কালাম ট্যানারিকে এই ঋণ দেওয়া হচ্ছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। আগের বছর এই তিন প্রতিষ্ঠানকে ১৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

অগ্রণী ব্যাংক এবার চার প্রতিষ্ঠানকে দেবে ১৪৬ কোটি টাকা। গত বছর ব্যাংকটি দুই প্রতিষ্ঠানকে দিয়েছিল ১২০ কোটি টাকা। এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার অগ্রণী ব্যাংক চার প্রতিষ্ঠানকে দেবে ১৪৬ কোটি টাকা।’ তিনি উল্লেখ করেন, স্থানান্তর জনিত সমস্যার কারণে চামড়া খাতটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ কারণে ব্যাংকগুলো সতর্কতার সঙ্গে ঋণ দিচ্ছে। যারা আগের নেওয়া ঋণ শোধ করেছে, শুধু তাদেরই ঋণ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা অনুযায়ী কম সুদেই এসব ঋণ দেওয়া হয়। মাত্র সাত শতাংশ সুদে এই ঋণ নিয়ে কাঁচা চামড়া কেনেন ব্যবসায়ীরা।

ট্যানারি মালিকদের দাবি— চামড়া শিল্পে এখন সংকট চলছে। তারা চামড়া শিল্পনগরীতে নতুন বিনিয়োগ করেছেন। বর্তমানে রফতানিও কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে এবার কোরবানির পশুর চামড়ার দর কমিয়ে নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা।

এ প্রসঙ্গে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘চামড়া শিল্পনগরীতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। অথচ রফতানি বাড়েনি। এমনকি সাভার চামড়া শিল্পনগরী এখনও পুরোপুরি চালুও হয়নি। এ কারণে চামড়ার দাম এবার কম ধরা হয়েছে।’

জানা গেছে, প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় কোরবানির গরুর প্রতিটি চামড়া ২০ থেকে ৩৫ বর্গফুট পর্যন্ত হয়। এই চামড়া লবণ দেওয়ার পরে ৯০০ থেকে ১৭৫০ টাকায় কিনবেন ট্যানারি মালিকরা। প্রতিটি চামড়ায় লবণ দিতে ১৫০ থেকে ২০০ টাকা খরচ এবং আড়তদাররা ৫০ টাকা মুনাফা করবেন। ফলে প্রতিটি চামড়া ৭০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে কিনতে আড়তদারদের পরামর্শ দিয়েছেন ট্যানারি মালিকরা।

ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের চামড়া ১২ থেকে ২৫ বর্গফুটের মধ্যে বেশি হয়ে থাকে। এই চামড়া ৩০০ থেকে ৯০০ টাকার মধ্যে কেনার পরামর্শ দেওয়া হয়েছে। যদি আড়তদার ও মৌসুমী ব্যবসায়ীরা এর চেয়ে বেশি দামে চামড়া কেনাকাটা করেন, তাহলে লোকসানের দায় নেবেন না ট্যানারি মালিকরা। এ ছাড়াও সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়ার দর ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এ বছরের মার্চ পর্যন্ত চামড়া কেনায় ১১৩৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। ৭১ গ্রাহকের কাছে ১৮টি ব্যাংক এই ঋণ দিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৫ কোটি টাকা। তবে পুরো চামড়াশিল্পে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। এর মধ্যে দুই হাজার ৮০০ কোটি টাকাই খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে মাত্র ৭০০ কোটি টাকার ঋণ নিয়মিত রয়েছে। চামড়া খাতের ব্যাংকঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক থেকে চামড়া খাতে বিতরণ করা ঋণের মধ্যে প্রায় ৮০ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com