বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
আমি চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক ॥ পাপনবিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অলরাউন্ডার সাকিব আল হাসান ছবি- বিসিবি স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ অলরাউন্ডার সাকিব ইস্যু নিয়ে বেশ তেতো হচ্ছে। এ নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজের জন্য যে দল নির্বাচন করা হয়েছিল, সেখানে নাম ছিল বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘আমি চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক ও (সাকিব) সব ফরমেট খেলতে চায়। এখানে অন্য কিছু চিন্তা করে শুধু সমস্যা আরও বৃদ্ধি পায়। আমাদের সঙ্গে কোন খেলোয়াড়ের কোন সমস্যা নেই। এই জিনিসটা একদম জোড় গলায় বলে দিচ্ছি। আমার ধারণা বেশিরভাগ খেলাই খেলবে। এমনও হতে পারে, কোন একটা ম্যাচে আমরা নাও খেলাতে পারি। ও নিজেও নাও খেলতে পারে। আসলে এই সময়টায় ওর পাশে থাকা উচিত বলে মনে করি।’
‘দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে কঠিন সিরিজ খেলতে যাচ্ছি আমরা’
দক্ষিণ আফ্রিকায় ভালো খেলতে পারলেই খুশি পাপন। সাকিব দলে যুক্ত হওয়ায় টিম স্পিরিট বেড়ে যাবে বলেও মনে করছেন। বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে কঠিন সিরিজ খেলতে যাচ্ছি আমরা। কিছুদিন আগে আমাদের উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী হলো ভারত। ওরাও তো হোয়াইটওয়াশ হয়ে আসছে। জিনিসটা একটু চিন্তা করে দেখেন। ওখানটায় গিয়ে জেতা তো অসম্ভব। আমরা আশা করছি ওরা ভালো খেলুক। আমাদের দল ভালো খেলবে। জিতলে তো আমরা অবশ্যই খুশি হবোই। নিউজিল্যান্ডে একটা জিতে আসছি দেখে এখানেও জিতে যাব।
‘আমি মনে প্রাণে বিশ্বাস করি, আসলেই খেলোয়াড়দের মাঝে মধ্যে বিশ্রাম দরকার’
সাকিব কিভাবে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে রাজি হলেন? তার বিস্তারিত জানান পাপন। সাংবাদিকদের বলেছেন, ‘পরশুদিন দুবাই থেকে এসেই আমার বাসায় এসেছিল, যেটা আসার কথা ছিল। হয়ত আপনারা অনেকেই জানেন, এসেই আমার সাথে দেখা করবে। তারপর ওর সাথে কিছু কথা হয়েছে। ওকে সময়ও দেওয়া হয়েছিল, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। গতকালকেও আমার সাথে কথা বলেছে। আজকে আমরা বোর্ডে বসেছিলাম। পুরো পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন যে আমি একটা জিনিস অনেকদিন ধরে বলছি। যদি কেউ কোন ফরমেটে খেলতে না চায়, বিশেষ করে আমাদের একটা জিনিস মনে রাখবেন, সিনিয়র যারা আছে তাদের কিন্তু অসম্ভব চাপ।
পাপন আরও বলেন, ‘আমি আপনাদেরকে আরেকটা জিনিস শুধু বলতে চাই, সাকিবের সঙ্গে আমার প্রথম কথা যেটা হয়, সে একটা ছুটি চেয়েছিল, ও একটা ব্রেক চেয়েছিল। তারপর তৃতীয় ওয়ানডে (আফগানিস্তানের বিপক্ষে) দিন সে বলেছিল, সে খেলবে।
সঙ্গে যোগ করেন, ‘আমার সঙ্গে লম্বা আলোচনা হয়েছে। আলোচনার পর সে বলেছে সব ফরমেট খেলতে ইচ্ছুক। এবং দক্ষিণ আফ্রিকা সিরিজেও। আমি বলেছি, ঠান্ডা মাথায় চিন্তা করে জানাও। গতকালকে জানিয়েছে আসলেই আমি খেলতে চাই। আমি যেতে চাই। আমি তারপরও সময় দিলাম। বললাম বোর্ডে আস। আজকে বোর্ডে আসল। আমরা সবাই মিলে বসেছিলাম। পুরো পরিকল্পনা নিয়ে তার সাথে বসেছিলাম। এখন একটা দুইটা সিরিজ যদি কেউ না খেলে এটা নিয়ে এত জল্পনার কিছু নেই।
‘এ নিয়ে যে সমস্ত টক শো, লেখালেখি হচ্ছে; আসলে এটা কারোর জন্যই ভালো না’
সাকিবকে এখন সবার সাপোর্ট দেওয়া উচিত বলে মনে করছেন পাপন, ‘সাকিব যেহেতু আমাকে বলেছে, মানসিকভাবে ডিস্টার্ব, আমার মনে হয় এই সময়ে সকলকে সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত। ওর সাথে থাকা উচিত। এ নিয়ে যে সমস্ত টক শো, লেখালেখি হচ্ছে; আসলে এটা কারোর জন্যই ভালো না।’
‘সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, মাশরাফি এ দেশের জন্য অনেক কিছু করেছে, অস্বীকার করার কোন পথ নেই’
সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, মাশরাফিদের অবদানের কথাও তুলে ধরলেন বিসিবি সভাপতি। বললেন, ‘একটা জিনিসি মনে রাখতে হবে, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, মাশরাফি এ দেশের জন্য অনেক কিছু করেছে। অস্বীকার করার কোন পথ নেই। মানুষের কিছু সময় সমস্যা থাকতেই পারে। সেটা ফিজিক্যাল হোক কিংবা মেন্টাল। ওই সময় তাদের পাশে থাকতে হবে। আমরা সবসময় ওদের পাশে আছি। সামনেও থাকব। আপনাদের কাছেও অনুরোধ, যদি কিছু হয় সরাসরি জিজ্ঞেস করবেন। আমাকে জিজ্ঞেস করবেন। না হলে যে খেলোয়াড় তাকে জিজ্ঞেস করবেন। নিজেরা নিজের জল্পনা করবেন না। তাতে করে অনেক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। ধন্যবাদ।’