মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন দেখা দিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ মে) লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়। গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বাজারে দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন। বিশেষ করে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ায় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লেও বর্তমানে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলারকে তুলনামূলক নিরাপদ মনে করছেন।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও তেলের দাম বৃদ্ধির কারণে ভবিষ্যতে সুদের হার কমানোর পরিকল্পনা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ঋণের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে লেনদেনের পরিমাণও কম ছিল। চীন, জাপান ও যুক্তরাজ্যে সরকারি ছুটি থাকায় এসব দেশের বাজার বন্ধ থাকায় লেনদেনের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ ডলার ৪ সেন্টে নেমেছে। এছাড়া প্লাটিনাম ২ দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।
বিশ্ববাজারে এই দরপতনের প্রভাব কয়েক দিনের মধ্যে দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি পরিস্থিতি পর্যালোচনা করে নতুন স্বর্ণের দাম ঘোষণা করতে পারে।