শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বিশ্বকাপ বাছাই সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের অনুশীলন শুরু সোমবার থেকে এই কঠিন গরমের মধ্যে দিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে যে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ তার মধ্যে আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে ম্যাচ দুটিতে দুর্ভাগ্য করেছিল বাংলাদেশ জাতীয় দলের ওপর। কিন্তু করোনাভাইরাসের কারণে ম্যাচ কেবল পিছিয়েই যায়নি, এএফসি সবগুলো ম্যাচ নিয়ে গেছে সেন্ট্রাল ভেন্যুতে। জুনে কাতারে শেষ তিন ম্যাচ খেলতে হবে জেমি ডে’র খেলোয়াড়দের।
ব্রিটিশ কোচ জেমি ডে’র অধীনে এদিনের অনুশীলন পর্বের একটি ছিল ‘ইয়ো ইয়ো টেস্ট’। স্বল্প সময়ের মধ্যে এক ধরনের দমের পরীক্ষা (ফিটনেস টেস্ট)। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনরত ৩২ ফুটবলারই (ইনজুরির জন্য অনুশীলনে ছিলেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ) সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সন্তুষ্ট করতে পেরেছেন কোচ জেমিকে।
কোচ জেমি ডে বললেন, আমাদের খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছে মাত্র। টানা খেলা ও ক্যাম্পের কারণে ঈদের আগে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেনি। ছেলেদের বিশ্রামের প্রয়োজন ছিল। খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চাওয়ায় ক্যাম্পে বিরতি পড়ে। উল্লেখ্য, কদিন আগেই ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। সরকারের নির্দেশনা অনুযায়ী তার পাঁচদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে গত শনিবার। ফলে দলের সঙ্গে যোগ দিতে পারছেন এই ইংলিশ কোচ। আগামী ২০ বা ২১ মে কাতারের উদ্দেশে রওনা দেয়ার কথা দলের। তাই ঢাকায় প্রস্তুতির জন্য খুব একটা সময় পাচ্ছেন না জেমি।
আপাতত তাই খেলোয়াড়দের বর্তমান অবস্থা পরখ করে নেয়ার দিকে দৃষ্টি এই ইংলিশ কোচের। তিনি বলেন, ছেলেরা এ মুহূর্তে কে কি অবস্থায় আছে শুধু সেটা দেখতে চাই। তাদের ফিটনেস ভাল অবস্থায় থাকা উচিত।
সূচী অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুনে ভারতের বিরুদ্ধে এবং ১৫ জুন ওমানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।ঘরের মাঠে হলে বাংলাদেশ বাড়তি সুবিধা পেত। হাজার হাজার দর্শকের সামনে উজ্জীবিত হয়ে খেলতে পারতেন জামাল ভুঁইয়ারা। এখন নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শেষ করতে হবে তাদের।
আফগানিস্তান, ভারত ও ওমান- এই তিন প্রতিপক্ষের মধ্যে প্রথম দুটির বিরুদ্ধে জয়ের আশা করছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচটি নিয়ে মানুষের যে আগ্রহ বেশি তা জানেন অধিনায়ক জামাল।
কলকাতা সল্টলেক স্টেডিয়ামে গ্যালারি ভর্তি ভারতীয় সমর্থকের সামনে বাংলাদেশ প্রায় জিতেই গিয়েছিল। তাহলে নিরপেক্ষ ভেন্যুতে কেন নয়? জামাল ভুঁইয়া বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান দল তিনটিকে দেখছেন প্রায় সমশক্তি হিসেবে। গতকাল ক্যাম্পে যোগ দিয়ে তাই তিনি এই দুটি দলকে হারাতে পারবেন বলে প্রত্যাশার কথা শুনিয়েছেন। ‘আমি চাচ্ছি হাই লেভেলের গেম। তারজন্য আমাদের সবকিছু ঠিকঠাক থাকতে হবে। সবাই ভাল ফলাফল প্রত্যাশা করছে।
একজন ফুটবলার হিসেবে আমি তো ভাল ফল চাই। ভারত ও আফগানিস্তানের ফুটবলাররা বাংলাদেশের ফুটবলারদের মতোই। তাই আমি আশা করছি ভাল ম্যাচ, ভাল লড়াই। আশাবাদী আমরা জিততে পারি ওদের বিরুদ্ধে। কারণ ওরা এত ভাল না’- ক্যাম্পে যোগ দিয়ে বললেন জামাল ভুঁইয়া।সোমবার থেকে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হয় করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট ছাড়াই। রবিবার বিকেলে করোনা পরীক্ষা করানো হয়েছিল সব ফুটবলারকে। সেই রিপোর্ট সোমবার সন্ধ্যা নাগাদ পাওয়ার কথা। কিন্তু তা পাওয়ার আগেই অনুশীলন শুরু করেন জেমি ডে। এর কারণ জানতে চাইলে জেমির জবাব, ‘ছেলেরা হোটেলে স্বাস্থ্যবিধির মধ্যেই ছিল। লীগে নেগেটিভ রিপোর্ট নিয়েই খেলেছে। আশাকরি এটা তেমন কোন ইস্যু হবে না।’