বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বিপিএল টি-২০তে ফাইনালে বরিশালের মুখোমুখি কুমিল্লা

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : বুধবার ১৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লা ও চট্টগ্রামের ম্যাচটি সেমিফাইনালে মুখোমুখি হয়। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এমনই ব্যাটিং ঝড় তুললেন, বিপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন। ১৩ বলেই ৪ চার ও ৬ ছক্কায় হাফসেঞ্চুরি করে ফেলেন। তাতে করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালেও উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ উইকেটে জয় পেয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করেছে কুমিল্লা। চট্টগ্রামকে বিদায় করে দিয়েছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালে লড়াই করবে কুমিল্লা।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। কারণ অসুস্থতা কাটিয়ে বিধ্বংসী উইল জ্যাকস ফিরেছেন। আর মিরপুরের দুই নম্বর উইকেটে বেশ রান হয়। জ্যাকস ও জাকির হাসান উড়ন্ত সূচনাই করেন। কিন্তু চতুর্থ ওভারে ৯ বলে ২ চার, ১ ছক্কায় ১৬ রান করা জ্যাকসকে সাজঘরে পাঠান শহিদুল ইসলাম। পরের দুই ওভারে আরও ৩ উইকেট হারায় তারা। আগের ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলা চ্যাডউইক ওয়ালটন (২) তানভীর ইসলামের বাঁহাতি স্পিনে এলবিডব্লিউ হন আর জাকির ১৯ বলে ৪ চারে ২০ রানে এবং শামীম হোসেন (০) স্টাম্পিং হন মঈন আলীর অফস্পিনে। অর্থাৎ ১১ বলের মধ্যে ১২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। সেই বিপর্যয় আরও ঘনীভূত হয় অধিনায়ক আফিফ হোসেন অষ্টম ওভারে মঈনের করা শেষ বলে ১০ রানেই সাজঘরে ফিরল। ৫০ রানে ৫ উইকেট হারানো চট্টগ্রামকে টেনে তোলেন মেহেদি হাসান মিরাজ ও উইকেটরক্ষক আকবর আলী। দুজন ষষ্ঠ উইকেটে মাত্র ৪০ বলে ৬১ রানের জুটি গড়েন। ধ্বংসাত্মক আকবর ২০ বলে ২ চার, ২ ছক্কায় ৩ রানে বিদায় নিলে জুটি ভাঙ্গে। তবে মিরাজ ১৯তম ওভার পর্যন্ত টিকে ছিলেন। তিনি ৩৮ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৪ রান করেন। আর শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ৯ বলে ২ ছক্কায় ১৫ রান করলে চ্যালেঞ্জিং একটা সংগ্রহে পৌঁছে চট্টগ্রাম। তবে ১৯.১ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় তারা। ৩ ওভার বোলিং করে মঈন ২০ রানে এবং শহিদুল ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন।

ফাইনালে ওঠার ম্যাচে এত কম রানে জেতা কঠিনই। খুব ভালো বোলিং না করলে জেতা সম্ভব না। চট্টগ্রাম বোলাররা এই ম্যাচে উজ্জ্বলতা ছড়াতেও পারেননি। ৩ উইকেট হারিয়ে ১২.৫ ওভারেই ১৪৯ রান করে জিতে যায় কুমিল্লা। সুনীল নারাইন ওপেনিংয়ে নেমে যে ব্যাটিং ঝড় তুলেন, তাতেই এগিয়ে যায় কুমিল্লা। ১৩ বলেই হাফসেঞ্চুরি করার ৫ চার ও ৬ ছক্কায় ১৬ বলে ৫৭ রান করে আউট হন নারাইন। ততক্ষনে কুমিল্লা ৫.৪ ওভারেই ৭৯ রানে চলে যায়।

শরিফুল ইসলামের করা প্রথম ওভারেই এক ছক্কা ও দুই চার হাকান নারাইন। এরপর মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ওভারে বল করতে আসলে তিন ছক্কা ও এক চার হাকান নারাইন। একাই ২২ রান নেন। বিপিএলে প্রথম দুই ওভারেই ৪৩ রান করে রেকর্ড গড়ে কুমিল্লা। পঞ্চম ওভারে আফিফ হোসেন ধ্রুব বল করতে আসলেও নারাইন এক ছক্কা ও এক চার হাকান। ষষ্ঠ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরি নিজের প্রথম ওভার করতে আসলে প্রথম বলেই ছক্কা হাকান নারাইন। হাফসেঞ্চুরিও করে ফেলেন। ১৩ বলে হাফসেঞ্চুরি করে বিপিএলের ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি করেন নারাইন।

এরআগে বিপিএলে দ্রুততম ফিফটির আগের রেকর্ডটি করেছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। ২০১২ সালে প্রথম বিপিএলের সেমিফাইনালে বরিশাল বার্নাসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি তুলে নিয়েছিলেন শেহজাদ। তৃতীয় বলে আবার চার হাকান। পরের বলেই আউট হয়ে যান। তবে আউট হওয়ার আগেই যেন যা করার করে দেন। নারাইন আউটের পর দলের ৯৫ রানে ইমরুল কায়েসও (২২) আউট হয়ে যান। তবে ফাফ ডু প্লেসিস (৩০*) ও মঈন আলী (৩০*) মিলেই এরপর ম্যাচ জিতিয়ে দেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে জেতান প্লেসিস ও মঈন। ৪৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে ফাইনালে খেলা নিশ্চিত করে কুমিল্লা। চট্টগ্রাম পাত্তাই পেল না। এখন বরিশাল ও কুমিল্লা ফাইনালে লড়াই হবে।

সংক্ষিপ্ত স্কোর ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস ১৪৮/১০; ১৯.১ ওভার; মিরাজ ৪৪, আকবর ৩৩, জাকির ২০, জেকস ১৬, মৃত্যুঞ্জয় ১৫; মঈন ৩/২০, শহিদুল ৩/৩৩।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৪৯/৩; ১২.৫ ওভার; নারাইন ৫৭, প্লেসিস ৩০*, মঈন ৩০*; ইমরুল ২২।

ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : সুনীল নারাইন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com