বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু , ই-কণ্ঠ২৪ ডটকম : করোনার আবারও তৃতীয় ঢেউ এসে পড়েছে। প্রতিনিয়তই সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে বিপিএল শুরু হচ্ছে৬ দলের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহাযজ্ঞ কোটি টাকার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি। খেলতে নেমে কোন দলই হারতে চায় না। শিরোপা জেতার দিকেই সবার দৃষ্টি থাকে। ঠিক তেমনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরেও শিরোপা জিততে চায় সব দল। ৬ দলের অধিনায়করা শিরোপাতেই দৃষ্টি রেখেছেন। প্রায় মাসব্যাপী দেশের ৩টি ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ৩৪ ম্যাচ। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি করছে করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য গত বছর টোকিও অলিম্পিকে যে স্বাস্থ্যবিধি ছিল সেটা মেনেই বিপিএল টি২০ হবে।
বরিশাল-চট্টগ্রামের প্রথম ম্যাচ বেলা দেড়টায়, সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রিয়াদের ঢাকা ও মুশফিকের খুলনা
৬ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায়, আমরাও তার ব্যতিক্রম না : সাকিব আল হাসান
ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান যেমন বলেছেন, ‘৬ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম না, যদি হতে পারি ভাল। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না, তবে আমরা যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি, সাকসেসটা আনার জন্য যা যা করা দরকার করতে পারি।’
আমার দলের ভালো করার সামর্থ্য আছে : মাহমুদুল্লাহ রিয়াদ
মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাআল্লাহ্ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’
একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয় : মুশফিকুর রহিম
খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘টি-২০ ফরমেটে খেলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর বিপিএল টি-২০তে আমাদের সবচেয়ে বড় লিগ। বিশ্বব্যাপী বিপিএলের একটা সুনাম আছে। এখানে কোয়ালিটি ক্রিকেট হয়। মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও আছে। অবশ্যই একটা চ্যালেঞ্জ তো থাকেই। যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমরাও চাই ইনশাআল্লাহ্। শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। শীর্ষ দুইয়ে থেকে যেন লিগ পর্ব শেষ করতে পারি সেই চেষ্টা করব। আশা করি একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।’
আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না, মাঠে খেলে প্রমাণ করতে হবে : ইমরুল কায়েস
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, ‘টি-২০ ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা খারাপ দল। জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে। তখন বোঝা যাবে আমরা কত ভালো দল। বিপিএলের মতো টুর্নামেন্টে শুরুটা গুরুত্বপূর্ণ। আপনি যত বড় টিম হন না কেন, ভালো শুরু করতে পারলে একটা মোমেন্টাম পাওয়া যায়। তখন ভালো খেলার সম্ভাবনা থাকে।’
আমাদের দলে হয়তো সুপারস্টার নেই, যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার : মাসাদ্দেক হোসেন সৈকত
সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘আমাদের দলে হয়তো সুপারস্টার নেই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই যদি নিজেদের দিনে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’
চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দেওয়ার : মেহেদি হাসান মিরাজ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘এ বছর প্রথম চট্টগ্রামের হয়ে খেলছি। তারা আমাকে যে সম্মান দিয়েছে, চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দেওয়ার। এ বছর খুবই ভালো দল করা হয়েছে।’