বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক কর্মসূচীর অংশ হিসেবে খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের অলিম্পিক শিক্ষার ওপর সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে বিওএ জাতীয় অলিম্পিক একাডেমির সার্বিক তত্ত্বাবধায়নে সোমবার ১৫ নভেম্বর বিকাল ৩ টায় অলিম্পিক ভবন’ ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে ইমপর্টেন্স অব অলিম্পিক এডুকেশন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা। এছাড়া উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রকিব মন্টু এবং বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ফখরুদ্দিন হায়দার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিওএ’র জাতীয় অলিম্পিক একাডেমীর (এনওএ) পরিচালক মোঃ মাহফুজুর রহমান সিদ্দিকী।
মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বিওএ’র জাতীয় কোর্স পরিচালক আখতার হোসেন খান এবং ফারুকুল ইসলাম। জাতীয় ক্রীড়া ফেডারেশন/ এসোসিয়েশন/সংস্থার খেলোয়াড়, প্রশিক্ষক এবং কর্মকর্তাগণ এই সেমিনারে অংশগ্রহণ করেন।