বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে স্বাগত: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে স্বাগত জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তার সরকারি বাসভবনে রবিবার ব্রিফিংকালে কাদের বলেন, আসলে বিএনপি ক্রান্তিকাল অতিক্রম করছে। বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে তারা রাজপথে আসুক ভালো কথা। তাদের যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।

জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানে, বিএনপি নেতারা চাতক পাখির মতো টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য তাকিয়ে থাকে।’

বিএনপি আসলে কি চায় তা দলটি জানে না মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) একবার তত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ আবার কখনো জাতীয় সরকার চায়। আসলে তারা কি চায় সেটা এখন জনগণেরও প্রশ্ন। বিএনপি আসলে কি চায়, যা তারা নিজেরাও জানে না।’

‘দলটি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি। সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই’—যোগ করেন কাদের।

বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ বিভ্রান্ত বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বলেন, ‘নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়। তবুও তারা নেতিবাচক রাজনীতি থেকে সরে আসেনি।’

ওবায়দুল কাদের বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে মারা হয়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয় তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে তাদের।’

ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com