বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিএনপির আন্দোলনে জ্বালা-পোড়াও হতে পারে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বিএনপির আন্দোলন ‘ব্যর্থ হওয়ায়’ দলটি এখন সহিংস কর্মসূচির দিকে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি একখা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পতনে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হয়েছে।’ ‘আন্দোলন ব্যর্থ হলে বিএনপি আগুন সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে, অতীতে তার প্রমাণ রয়েছে। জ্বালাও পোড়াও সন্ত্রাসের সে আশঙ্কা এখনো রয়েছে।’ আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সরকারের এই মন্ত্রী।

জাপানে বিএনপির পাঠানো চিঠিতে বড় দল দাবি করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কে বড় কে ছোট দল তা নির্বাচন ছাড়া প্রমাণ করার উপায় নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তা প্রমাণ করুক।

ওবায়দুল কাদের বলেন, জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হতে যাচ্ছে। সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে। পথ হারিয়ে বিএনপির আন্দোলন এখন নীরব পদযাত্রায় নেমে এসেছে। তাদের আন্দোলনে জনগণ নেই।

আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে একটি অনির্বাচিত সরকার, আরেকটি ওয়ান ইলেভেন হয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক বিএনপির তাতে আপত্তি নাই। বিএনপির যে গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকাণ্ডের ধরন তা থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময়মতো প্রার্থীতা ঘোষণা করবে আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com