বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বিএনপির অবস্থান কর্মসূচিতে ৯০ নেতাকর্মী আটক, ২০ পুলিশ আহত

একুশের কণ্ঠ অনলাইন:: রাজধানীর প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের ২০ জন সদস্য আহত হয়েছেন। একইসাথে আটক করা হয়েছে বিএনপির ৯০ নেতাকর্মীকে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর প্রবেশমুখে ডিএমপির অনুমতি না নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

বিএনপি নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ডিএমপির আরো বলেন, শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর প্রবেশপথ গাবতলী, আব্দুল্লাহপুর, ধোলাইখাল, উত্তরা ও মাতুয়াইলে লাঠিসোঁটা হাতে জড়ো হতে থাকেন। একপর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। যান চলাচল সচল ও জনদুর্ভোগ লাঘব করতে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলা চালায়। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। অনেক জায়গায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অবৈধ সমাবেশ থেকে ৯০ জনকে আটক করা হয়।

শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা করে। আইনশৃঙ্খলার অবনতি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির অনুমতি দেয়নি ডিএমপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com