বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে-প্রথম দিনে লিটনের সেঞ্চুরি ও মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : প্রথম টেস্টে প্রথম দিনে শুরুটা হয়েছিল একেবারে খারাফ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনের শুরুতেই সমস্যায় পড়ে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তানে প্রথম টেস্ট-প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থেকে বাদ পড়া দুইজন প্রথম টেস্টে হাল ধরেছেন।

টপাটপ ৪টি উইকেট পড়ে যাওয়ার পর করুণ অবস্থায় পড়ে যায় বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস মিলে হাল ধরেন। পঞ্চম উইকেটে দেশের মাটিতে রেকর্ড ২০৪ রানের জুটি গড়েন। বিপদ দুর করে দিনটি নিজেদের করে নেন। পাকিস্তানকেও ভোগাচ্ছেন। প্রথম টেস্টের প্রথমদিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে বাংলাদেশ। লিটন ২২৫ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১১৩ ও মুশফিক ১৯০ বলে ১০ চারে অপরাজিত ৮২ রান করেন।

দুইজন মিলে পঞ্চম উইকেটে যে ২০৪ রানের জুটি গড়েন, তাতেই দল এতদুর যেতে পারে।
পঞ্চম উইকেটে দেশের মাটিতে রেকর্ড ২০৪ রানের জুটি গড়েন মুশফিক-লিটন চট্টগ্রাম টেস্টের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। তা টস জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েই বলেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এমন উইকেটে নিজে থেকে ভুল না করলে আউট হওয়া কঠিন! মুমিনুল জানিয়েছেন, ‘চট্টগ্রামের উইকেট সবসমযই ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়। আমরা এখানে অনেকগুলো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছি। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ মুমিনুলের কথার সঙ্গে কাজের মিল শুরুতে একেবারেই পাওয়া যায়নি। দলের ৪৯ রানের মধ্যেই যে ৪ উইকেটের পতন ঘটে যায়। অবশ্য নিজেদের ভুলেই আউট হন বাংলাদেশ ব্যাটাররা।

দুই ওপেনার সাইফ হাসান (১৪), সাদমান ইসলাম (১৪), মুমিনুল হক (৬) ও নাজমুল হোসেন শান্ত (১৪) আউট হয়ে যান। বলতে গেলে উইকেট ছুড়ে দিয়ে আসেন। আর ব্যাটারদের স্কোর দেখলেই বোঝা যাচ্ছে, যেন ১৪ রান হলেই আউট হতে হবে, এমন প্রতীজ্ঞা নিয়ে নামেন। ওপেনার সাইফ টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হন। তাকে টেস্টে খেলানো হবে কিনা, এ নিয়েই ছিল সংশয়। তার স্থানে না আবার টেস্টে নতুন মুখ মাহমুদুল হাসান জয়ের সুযোগ ধরা দেয়।

শেষ পর্যন্ত সাইফকেই ওপেনিংয়ে নামানো হয়। কিন্তু তিনি করলেন কী? শাহিন শাহ আফ্রিদির বাউন্সারেই কাত হয়ে গেলেন। শুরুটা এত দুর্দান্ত করেন। হাসান আলীর করা দ্বিতীয় ওভারে দুটি চার হাকান। শাহিন শাহ আফ্রিদির করা পঞ্চম ওভারেও আরেকটি চার মারেন। এরপরই ছন্নছাড়া হয়ে পড়েন। ওভারের দ্বিতীয় বলে চার হাকিয়ে পরের বলেই শর্ট লেগে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। আফ্রিদির বাউন্সও এত বেশি লাফিয়ে হেলমেটের গ্রিলের দিকে চলে যাবে, তা ভাবা যায়নি। নিজের মুখ বাঁচাতে গিয়ে আউটই হয়ে যান সাইফ। দলের ১৯ রানে ১২ বলে ৩ চারে ১৪ রান করে আউট হন।

সাইফের আউটের পর নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে নামেন। দলের স্কোরে আর ১৪ রান যোগ হতেই সাদমানও ২৮ বলে ৩ চারে ১৪ রান করে আউট হয়ে যান। দুইবার আউট হওয়া থেকে বাঁচেন। রানের খাতা খোলার আগে একবার ক্যাচ আউট হতে পারতেন। আরেকবার ৫ রানে এলবিডাবলিউ হতে পারতেন। দুইবারই পাকিস্তান বুঝতে পারেনি যে আউট হয়েছেন সাদমান। কিন্তু এরপরও বড় ইনিংস খেলতে পারেননি। এবার এলবিডাবলিউয়ের রিভিউ নিয়েও বাচতে পারেননি সাদমান।

হাসান আলীর বলে এলবিডাবলিউ হয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশেরও ২ উইকেটের পতন ঘটে যায়। সাদমানের আউটের পর ব্যাট হাতে নামেন অধিনায়ক মুমিনুল। টেস্টে মুমিনুলকে নিয়ে অনেক ভরসা সবসময়ই থাকে। তাছাড়া খেলা হচ্ছে চট্টগ্রামের মাটিতে। নিজেও বলেছেন এখানকার উইকেট ব্যাটিং সহায়ক হয়। চট্টগ্রামের এ ছেলে আবার ক্যারিয়ারের ১১টি টেস্ট সেঞ্চুরির ৭টিই করেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ব্যাটিং দিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবেন। তাও জানিয়েছেন। কিন্তু নিজেই চ্যালেঞ্জ নিতে পারলেন না।

প্রথম ঘন্টায় ২ উইকেটের পতন ঘটে। ১৪ ওভারে ৪৩ রান করে বাংলাদেশ। প্রথম সেশনের আর এক ঘন্টা বাকি থাকে। দ্বিতীয় ঘন্টার দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান মুমিনুল। স্পিনার সাজিদ খানের করা অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে না দিয়ে অহেতুক খেলতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্ধি হন। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। বাংলাদেশ পড়ে মহা বিপদে। যিনি টেস্টে খেলতে নামলেই রান করেন। তিনিই নেই!

মুমিনুলের আউটের ধাক্কা সামাল দিতে পারেননি শান্ত। শেষ চার টেস্টের দুটিতেই সেঞ্চুরি করা শান্ত এবার উইকেট ছুড়ে দিয়ে আসেন। ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলটি পয়েন্ট দিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। ৩৭ বলে ২ চারে ১৪ রান করেন শান্ত।

এক মুমিনুল (৬) ছাড়া টপ অর্ডারের তিন ব্যাটারই ১৪ রানে আউট হন। কী এক ধাঁধায় পড়েন টপ অর্ডার ব্যাটাররা! বাংলাদেশ দলও বিপত্তিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে হলে একটিই পথ ছিল। যদি মুশফিক ও লিটন মিলে বড় ইনিংস ও জুটি গড়তে পারেন। না হলে এরপর অভিষেক টেস্ট খেলতে নামার অপেক্ষায় থাকা ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন ব্যাটিংয়ে আছেন। তারা দলকে আর কতদুর নিয়ে যেতে পারবেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন লিটন। মুশফিককে বিশ্রামের কথা বলা হলেও বাদই পড়েছেন। মুশফিক নিজেই তা গণমাধ্যমে কথা বলে বুঝিয়ে দিয়েছেন।

বাদ পড়া দুই ব্যাটার মিলেই আসলে যা করার করে দিয়েছেন। বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষাও করেছেন। নিজেদের ইনিংস বড়ও করেছেন। বড় জুটিও গড়েছেন। পাকিস্তানকেও ভোগাচ্ছেন।

দুইজন মিলে প্রথম সেশনে আর কোন উইকেট পড়তে দেননি। হতাশার একটি সেশন গেছে ঠিক। তবে আর যে উইকেট পড়েনি, তাতে আশার আলোও জ্বলেছে। প্রথম সেশনে ৪ উইকেটে ৬৯ রান করে বাংলাদেশ। মুশফিক ৫ ও লিটন ১১ রানে মধ্যাহৃ ভোজের বিরতিতে যান।

দ্বিতীয় সেশনও দুইজন মিলেই কাটিয়ে দেন। মুশফিকতো ৫১ বলে করেন ৬ রান! বোঝাই যাচ্ছে, যেভাবেই হোক উইকেটে আকড়ে থাকছেন। দুইজন মিলে দ্বিতীয় সেশনে ৫০ রানের জুটিও গড়ে ফেলেন। দেখতে দেখতে বাংলাদেশের ১০০ রানও হয়ে যায়। দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টাতেই বাউন্ডারি হাকিয়ে দলকে ১০২ রানে নিয়ে যান মুশফিক। তখন মুশফিক-লিটনের জুটিতে ৫০ রান হয়ে যায়।

দ্বিতীয় সেশনের শেষ ঘন্টায় মুশফিক যখন ৩৯ রানে, তখন শর্ট লেগে ক্যাচ আউট হওয়া থেকে বাঁচেন। লিটন সাবলিলভাবেই খেলতে থাকেন। ৯৫ বলে হাফসেঞ্চুরিও করে ফেলেন। টি-টোয়েন্টিতে বাজে সময় গেলেও টেস্টে নিজের ধার বুঝিয়ে দিযেছেন লিটন। শেষ ১২ ইনিংসে লিটন ৬টি হাফসেঞ্চুরি করলেন।

বাউন্ডারি হাকিয়ে দলকে যখন ১৫১ রানে নিয়ে গেলেন লিটন, তখন জুটিতে ১০০ রানও হয়ে যায়। টানা দুটি চার হাকিয়ে মুশফিকও হাফসেঞ্চুরি করে ফেলেন। ৫১ বলে করেছিলেন ৬ রান। সেখান থেকে ১০৮ বলে করেছেন হাফসেঞ্চুরি। দ্বিতীয় সেশনে আর কোন উইকেটই পড়েনি। মুশফিক-লিটন মিলে দলকে ১৭১ রানেও নিয়ে যান। কী কঠিন অবস্থা ছিল। সেখান থেকে দুইজন মিলে দলকে টেনে নিয়ে যান।

৯৫ বলে হাফসেঞ্চুরি করে ১৯৯ বলে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন লিটন। তৃতীয় সেশনের শুরুতে লিটন ৬৭ রানে গিয়ে ‘নতুন জীবন’ পান। ক্যাচ আউট হওয়া থেকে বাচেন। ‘নতুন জীবন’ পেয়ে সুযোগটি ভালভাবেই কাজে লাগান লিটন। মুশফিক ও লিটন মিলে দলকে ২০০ রানেও নিয়ে যান। জুটিতে হয় ১৫০ রান। দুইজন মিলে দলকে আরও এগিয়ে নিয়ে যেতে থাকেন। দিনের শেষ বেলায় গিয়ে লিটন সেঞ্চুরিও পেয়ে যান। ১৯৯ বলে ১০ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি করেন লিটন।

একের পর এক হাফসেঞ্চুরির পর অবশেষে টেস্ট সেঞ্চুরি পেলেন লিটন। শেষ ১১ ইনিংসে ৫টি হাফসেঞ্চুরি ছিল তার। এবার ১২তম ইনিংসে এসে সেঞ্চুরিই হাকিয়ে দিয়েছেন। ৯৫ বলে হাফসেঞ্চুরি করে ১৯৯ বলে সেঞ্চুরি করেন। ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি পান লিটন।

লিটন সেঞ্চুরি যে কতটা কঠিন পথ থেকে করেছেন, তা পাকিস্তান ক্রিকেটাররাও দেখেছেন। আর তাই তো পাকিস্তান ক্রিকেটাররাও এসে লিটনকে জড়িয়ে ধরেন। শেষে গিয়ে মুশফিক ও লিটন ২০০ রানের জুটিও গড়েন। যখন ২০৪ রানের জুটি হয়, দেশের মাটিতে পঞ্চম উইকেটে রেকর্ড জুটি হয়, তখন দিন শেষ হয়। ৫ ওভার আগেই খেলা শেষ হয়। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান করে।

আগামীকাল ১৫ মিনিট আগে ৯ টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। সেঞ্চুরি করা লিটন ও সেঞ্চুরি থেকে ১৮ রানে দুরে থাকা মুশফিক আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতে নামবেন।

বাংলাদেশ প্রথম ইনিংস ২৫৩/৪; ৮৫ ওভার; সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com