বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডনকম : বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে তৃতীয় বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশসেরা আয়োজন ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল টুনামেন্টটি।
আগামী ২৪ নবেম্বর বুধবার থেকে বেলা সাড়ে ১২ টায় সারাদেশ থেকে অংশগ্রহণকারী এই টুর্নামেন্ট খেলবে ১২টি ফুটবল একাডেমি দল নিয়ে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে দশ দিনব্যাপী ।
এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- সুনামগঞ্জের দিরাই ফুটবল একাডেমি, কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমি, ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজার্স ফুটবল একাডেমি, ময়মনসিংহের আবদুল হালিম ফুটবল একাডেমি, রাঙামাটির সুই হ্লা মং ফুটবল একাডেমি, ফেনীর ছাগলনাইয়া ফুটবল একাডেমি, পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমি, খুলনার রহিমনগর ফুটবল একাডেমি, কুড়িগ্রামের ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি, গাইবান্ধার এসএফসিএ ফুটবল কোচিং, নাটোরের ফুটবল একাডেমি ও নারায়ণগঞ্জের ইপিলিয়ন ফুটবল একাডেমি।
চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার ২০ নবেম্বর বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএফএসএফের সভাপতি কাজী শহিদুল আলমের সভাপতিত্বে টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান। এছাড়া সংবাদ সম্মেলেন আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিএফএসএফের সহ-সভাপতি আব্দুল বারী মালিক, সহ-সভাপতি এসজি আকবর প্রমুখ।
গত দুই আসরে ২৪ দলকে বাদ দিয়ে সারাদেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লাখ টাকা, রানার্সআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা, তৃতীয় ও চতুর্থ দলকে ট্রফি ৩০ ও ২০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতি দলকে ১০ হাজার টাকা করে ম্যাচ ফি, প্রতি দলের ২৩ খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ ২৭ জনকে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে জার্সি সেট ও দুটি করে ফুটবলও দেয়া হবে।