বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই জয় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকায় সবার উপরেও চলে গেল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৬৩ রানে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল বরিশাল।
প্রথমবার বিপিএলে খেলতে নামা মাহমুদুল হাসান জয় ৪৮, করিম জানাত অপরাজিত ২৯, ক্যামেরন ডেলপোর্ট ১৯, মুমিনুল হক ১৭ ও ইমরুল কায়েস ১৫ রান করেন। ওপেনিংয়েই ডেলপোর্ট ও জয় মিলে ৩৩ রানের জুটি গড়েন। এরপর তৃতীয় উইকেটে গিয়ে জয় ও ইমরুল মিলে ৪৪ রানের জুটি গড়েন। শেষে গিয়ে অষ্টম উইকেটে করিম ও শহিদুল ইসলাম মিলে অবিচ্ছিন্ন ২৪ রানের জুটি গড়েন। এই তিন জুটিতেই ১৬০ রানের কাছে যেতে পারে কুমিল্লা। ডোয়াইন ব্রাভো ৩ উইকেট শিকার করেন।
ফরচুন বরিশাল ১৭.৩ ওভারে ৯৫ রান করতেই অলআউট হয়ে যায় বরিশাল। শুরুতেই বিপত্তিতে পড়ে। ৭ রানের মধ্যে নাহিদুল ইসলামের স্পিন জাদুতে সৈকত আলী ও সাকিব আল হাসান আউট হয়ে যান। তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত মিলে বিপদ দুর করতে থাকেন। কিন্তু দলের ৩৪ রান হতেই তৌহিদকে (১৯) বোল্ড করে দেন করিম জানাত। তখনও আশা থাকে। ক্রিস গেইল যে থাকেন। দলের ৪৫ রানে গিয়ে যখন গেইলকেও (৭) আউট করে দেন নাহিদুল, তখন যেন আশা শেষ হয়ে যায়। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে নেন নাহিদুল।
নুরুল হাসান সোহান (১৭) চেষ্টা করেন। কিন্তু দলকে ৬৭ রানে রেখে যেতে হয়। ডোয়াইন ব্রাভোও যখন দলের ৭২ রানে আউট হয়ে যান, তখন যেন হার সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। একেক করে আউট হতে থাকেন। নাজমুল হোসেন শান্ত উইকেট আকড়ে থাকেন। ওপেনিংয়ে নেমে শেষপর্যন্ত ব্যাটিং করেন। ৩৬ রান করে আউট হয়ে যান শান্ত। অলআউটও হয়ে যায় বরিশাল। ১৫ বল বাকি থাকতেই হারে বরিশাল ।
সংক্ষিপ্ত স্কোর ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫৮/৭; ২০ ওভার; জয় ৪৮, করিম ২৯*, ডেলপোর্ট ১৯, মুমিনুল ১৭, ইমরুল ১৫; ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫।
ফরচুন বরিশাল ৯৫/১০; ১৭.৩ ওভার; শান্ত ৩৬, তৌহিদ ১৯, সোহান ১৭, নাহিদুল ৩/৫, তানভির ২/১৯, জানাত ২/২৬।
ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬৩ রানে জয়ী।