বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : পল্টনের শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে বুধবার ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়া এর তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার ১ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সলংগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে “ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১” ব্যাডমিন্টন এই আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি।
উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদুল্লাহ, ফয়সাল হায়দার, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম শিকদার, আমির হোসেন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান শাহ্ জালাল মুকুল প্রমুখ।
উদ্বোধনী দিনের খেলায় ভারতের বলরাজ কাজলার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি বাংলাদেশের শাটলার শুভ খন্দকার। হেরেছেন ১৯-২১, ২১-১৭, ১৯-২১ পয়েন্টে। অন্যদিকে স্বাগতিক দলের আকিব সোলায়মান লড়াই করেও ভারতের বিকাশ প্রভু রাধাকৃষ্ণানের কাছে হেরে যান ২১-১৭, ২১-১৮ পয়েন্টে। পুরুষ এককের বাছাইপর্বে (রাউন্ড অব ৩২) বাংলাদেশের এসএসএম সিফাত উল্লাহ ইন্দোনেশিয়ার আলভি ফারহানের কাছে, আল আমিন জুমার ইন্দোনেশিয়ার আলভি উইজায়ার কাছে, নাজমুল ইসলাম জয় ইন্দোনেশিয়ার ইয়োহানেস সুয়াত মার্সেলিনোর কাছে, মুক্তার হোসেন ইন্দোনেশিয়ার সুলিসতিও টিগারের কাছে, আবদুল হামিদ লোকমান ভারতের সিদ্ধান্ত গুপ্তের কাছে হেরে যান।
তবে জয় পেয়েছেন বাংলাদেশের দুই শাটলার। শাহেদ আহমেদ ২১-৮, ২১-১৫ পয়েন্টে শ্রীলঙ্কার সিয়াথ সেনারতœকে এবং খন্দকার আবদুস সোয়াদ মালয়েশিয়ার আলিফ আহমেদ ফেয়ারুজলিকে হারান ২১-১৩, ২১-১৩ পয়েন্টে।
মেয়েদের এককের বাছাইপর্বে (রাউন্ড অব ১৬) বাংলাদেশের নাসিমা খাতুন ৯-২১, ৯-২১ পয়েন্টে মালয়েশিয়ার ভেনোসা রাধাকৃষ্ণানের কাছে, বাংলাদেশের রেশমা আক্তার ৭-২১, ৫-২১ পয়েন্টে ভারতের তাসনিম মিরের কাছে হেরে যান। বাংলাদেশের ফাতিমা বেগম ওয়াকওভার পান ভারতের নিভেথা মুথুকুমারের বিপক্ষে।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং স্বাগতিক বাংলাদেশসহ মোট ৬টি দেশ থেকে পুরুষ খেলোয়াড় ১৯৯ জন, মহিলা খেলোয়াড় ১৩৪ জন সর্বমোট ৩৩৫ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।