রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ফাইনালে মোসাদ্দেকের সামনে সিরিজ জয়ের চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: তিন ম্যাচের সিরিজে দুই অধিনায়ক খুব কমই দেখা যায়। ইনজুরির ছোবলে তেমনটাই ঘটছে বাংলাদেশের সঙ্গে। পালাবদলে দায়িত্ব পাওয়া নুরুল হাসানের পরিবর্তে জিম্বাবুয়ে বিপক্ষে শেষ ম্যাচে নেতৃত্বে মোসাদ্দেক হোসেন সৈকত।

মঙ্গলবার (২ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিরিজে দুই ম্যাচ শেষে সমতা ১-১। এই ম্যাচটি তাই দুই দলের জন্যই ফাইনাল। প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ সমতা ফেরায়, এবার চ্যালেঞ্জ সিরিজ জয়ের।

বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সোমবার বলছেন সেরাটা দিতে হবে এই ম্যাচে, ‘আমি ব্যক্তিগতভাবে পারফরম্যান্স খারাপ করার কারণে কখনোই দোষ দেইনি বা ধরি না। গুরুত্বপূর্ণ হলো ওই অবস্থা থেকেই কীভাবে আপনি ফিরে আসেন? যেটা আমরা গত ম্যাচে করে দেখিয়েছি। তো আগামীকাল ফাইনাল, আমাদের আবারও সেরাটা দিতে হবে।’

‘আমরা যেভাবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করেছি এবং সঠিকভাবে প্রমাণ করেছি যে গত ম্যাচটি পরিশ্রম দিয়ে আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। তো শেষ ম্যাচটি ফাইনাল, প্রথম ম্যাচে যে পিচে হয়েছে সেখানেই হবে। আমরা এই ম্যাচের অপেক্ষায় আছি’- আরও যোগ করেন ডোনাল্ড।

জিম্বাবুয়ে সফরের আগে সোহান নেতৃত্ব পাওয়ার পর কয়েকদিন সময় পেয়েছিলেন। কিন্তু মোসাদ্দেক তো তাও পাচ্ছেন না। একদিনেরও কম সময়ের নোটিশে তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের নবম টি-টোয়েন্টি অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবশ্য অভিজ্ঞতা আছে বেশ। সবশেষ বিসিএলে জিতিয়েছিলেন ওয়ালটন সেন্ট্রাল জোনকে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন চ্যালেঞ্জ, মোসাদ্দেককে সেটি সামলে নিতে হবে।

এখন পর্যন্ত ১৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ এগিয়ে আছে, জয় ১২টিতে আর হার ৬টিতে। তবে জিম্বাবুয়ের মাটিতে দুই দলের সাফল্য প্রায় সমানই। বাংলাদেশ জিতেছে ৪টি আর জিম্বাবুয়ে ৩টি। গেলো বছরও তাদের মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছিল ২-১ এ, এবারও এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে।

সোহান ইনজুরিতে। তার পরিবর্তে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তিনি নেতৃত্ব পাননি। একাদশে এক পরিবর্তন নিশ্চিত। তিন পেসারকে এই ম্যাচে নাও খেলাতে পারে বাংলাদেশ। এছাড়া ওপেনার মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়ের মধ্যে একজনকে জায়গা ছাড়তে হতে পারে। দুজনের কেউই প্রত্যাশিত খেলা খেলতে পারছেন না। অভিষেক হওয়ার সম্ভাবনা আছে পারভেজ হোসেন ইমনের।

এদিকে জিম্বাবুয়ের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব কমই। দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করা সিকান্দার রাজা হতে পারেন বাংলাদেশের বড় হুমকি। তাকে যেন কোনোভাবেই থামাতে পারছেন না বোলাররা। সিরিজ নিশ্চিত করতে হলে রাজাকে ডানা মেলে উড়তে দেওয়া যাবে না।

প্রথম ম্যাচে এলোমেলো বোলিং-ব্যাটিংয়ে হারের পর দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছিল ভিন্ন বাংলাদেশকে। ডোনাল্ডের চাওয়া সিরিজ নির্ধারণী ম্যাচেও এমন কিছু হবে। তার মন্তব্য দিয়েই ইতি টানা যাক, ‘দ্বিতীয় ম্যাচে স্পিনাররা দারুণ শুরু এনে দেয় এবং শেষদিকে পেসাররা ভালো শেষ করেছে। আগামীকালও আমাদের এটা করতে হবে। গত ম্যাচে আমরা দেখিয়েছি আমরা কতটা স্মার্ট হতে পারি, শেষ ম্যাচেও এভাবে ফিরে আসতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com