বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খারাপ করার পর তুমুল সমালোচনা হয়। তবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা বাদ দিয়ে সমর্থন দিতে বলেছেন। হতাশ হতে না বলেছেন। আর প্রধানমন্ত্রীর এমন সমর্থনে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে চারদিকে সমালোচনার ঝড়ে যখন ক্রিকেটাররা কোণঠাসা তখন ক্রীড়াবান্ধব, ক্রিকেটপ্রেমী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটারদের।
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা এতো হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা (ক্রিকেট দল) চমৎকার খেলেছে। কখন যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে, ছক্কা হবে তাতো বলা যায় না। সবসময় সব অংক মেলে না। এটাও বাস্তব কথা।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা আরও বলেন, ‘আমরা যেটা আশা করেছিলাম, আমাদের খেলোয়াড়রা তা খেলতে পারেনি। তাই বলে আমি কিন্তু আমাদের ছেলেদের কখনও হতাশ করিনি। আমি তাদের বলি, আরও ভালো খেল। আরও মনোযোগী হও, আরও অনুশীলন করো। করোনার কারণে তারা অনুশীলন করতে পারেনি। তারপরও বাংলাদেশ আজ বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।
আমি চাচ্ছি তাদের আরও বেশি অনুশীলন করানো। আরও ভালো যেন খেলতে পারে সে ব্যবস্থা করা। সুতরাং কথায় কথায় এত হতাশ হওয়া তো ঠিক নয়। এটাই আমাদের একটা মানসিক সমস্যা হয়ে গেছে। একটুতেই হতাশ। বেশি হতাশ হওয়া যাবে না। মাঝামাঝি থাকতে হবে। আগামীতে নিশ্চয়ই (ক্রিকেটাররা) ভালো করবে। নতুন প্রজন্ম আসছে, তারা ভালো করছে।’ মাহমুদুল্লাহ রিয়াদ প্রধানমন্ত্রীর বলা এ কথাগুলো শুনেছেন। তিনি এ নিয়ে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্্।
আমিও শুনেছি প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য। প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন করেন এটা অবিশ্বাস্য। এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত করবো যে, আমরা যেনো আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে পারি। ইনশাআল্লাহ্।’
শুক্রবার ১৯ নবেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ।