শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
অর্থনৈতিক ডেস্ক:: ধারাবাহিক পতন শেষে গত সপ্তাহের শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের পাঁচ কর্মদিবসের শেষ তিনটিতেই দেশের দুই পুঁজিবাজার সূচকের উন্নতি ধরে রাখে। এর আগে টানা সাত দিনের দরপতনে ৩২৭ দশমিক ৭৩ পয়েন্ট হারানো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত তিন দিনে ৯৫ দশমিক ২৫ পয়েন্ট ফিরে পায়। পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করেন, কোনো ধরনের অস্বাভাবিক কিছু না ঘটলে পুঁজিবাজার স্বাভাবিক আচরণ ফিরে পাবে।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৩৬ দশমিক ১৫ পয়েন্ট হ্রাস পায়। রোববার ৫ হাজার ৯০৬ দশমিক ৮৭ পয়েন্ট থেকে সপ্তাহ শুরু করা সূচকটি বৃহস্পতিবার দিন শেষে নেমে আসে ৫ হাজার ৮৭০ দশমিক ৮৩ পয়েন্টে। একই সময় ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকের অবনতি ঘটে যথাক্রমে ১ দশমিক ২৯ ও ৩ দশমিক ০৭ পয়েন্ট।
টানা পতনের পর সপ্তাহের শেষ দিকে ঘুরে দাঁড়ালেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে। এ সময় পুঁজিবাজারটিতে মোট ১ হাজর ৮৬৭ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকার লেনদেন নিষ্পত্তি হয়, যা আগের সপ্তাহ অপেক্ষা ২৪ দশমিক ৬৫ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে ডিএসইর লেনদেন ছিল ১ হাজার ৪৯৮ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকা। একই সময়ে বৃদ্ধি পেয়েছে বাজারটির লেনদেন হওয়া শেয়ারসংখ্যাও।
ফেলে আসা সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪৩ কোটি ৬৮ হাজার শেয়ার হাতবদল হয়, যা আগের সপ্তাহ অপেক্ষা ৫ দশমিক ৫৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে শেয়ার হাতবদলের পরিমাণ ছিল ৪০ কোটি ৭৫ লাখ ৫০ হাজারটি। একই সময়ে বৃদ্ধি পেয়েছে নিষ্পত্তি হওয়া হাওলা সংখ্যা। আগের সপ্তাহের ৪ লাখ ১ হাজার ৫৬৫টির স্থলে গত সপ্তাহে ডিএসইর হাওলা দাঁড়ায় ৪ লাখ ৫১ হাজার ৬০৯টি, যা ১২ দশমিক ৪৬ শতাংশ বেশি।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমেছে ১২ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। এ খাতে ২ দশমিক ৯১ শতাংশ দর কমেছে। এরপরে চামড়া খাতে ১ দশমিক ৯৮ শতাংশ দর কমেছে।
অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক ১ দশমিক ৯৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ৬৩ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৪৬ শতাংশ, আর্থিক ১ দশমিক ৩৫ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৬৭ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৩৩ শতাংশ, জ্বালানি ও মিউচুয়াল ফান্ড খাতে দশমিক শূন্য ৬ শতাংশ, ফার্মা খাতে দশমিক শূন্য ৪ শতাংশ দর কমেছে। অন্য দিকে দর বেড়েছে বাকি ৮ খাতে খাতে। গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এরপর আইটি খাতে ১ দশমিক ৭২ শতাংশ দর বেড়েছে।
অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে দশমিক ৬৪ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৫০ শতাংশ, যোগাযোগ খাতে দশমিক ২০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে দশমিক ১৪ শতাংশ, বীমা খাতে দশমিক ৯ শতাংশ এবং বিবিধ খাতে দশমিক শূন্য ৫ শতাংশ দর বেড়েছে।।
গত সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। পুরো সপ্তাহে ৭০ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকায় কোম্পানিটির ২২ লাখ ৪০ হাজার শেয়ার হাতবদল হয়, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৫ শতাংশ। ৬২ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার টাকায় ৫৪ লাখ শেয়ার বেচাকেনা করে ইফাদ অটোস ছিল দ্বিতীয় স্থানে। এ সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফিন্যান্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, মুন্নু সিরামিকস ও ফার্মাএইড।
এ দিকে বরাবরের মতো এ প্রতিষ্ঠানগুলোই ডিএসইর মোট লেনদেনের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আলোচ্য মাসে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড।
এ সময়ে তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। আর চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, পঞ্চম স্থানে ইবিএল সিকিউরিটিজ রয়েছে। এ ছাড়া ষষ্ঠ স্থানে সিটি ব্রোকারেজ, সপ্তম স্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ, অষ্টম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ, নবম স্থানে শান্তা সিকিউরিটিজ এবং এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস রয়েছে দশম স্থানে।
এ ছাড়া লেনদেনের শীর্ষ বিশে স্থান করে নেয়া অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে- ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইউনাইটেড ফাইন্যান্স ট্রেডিং কোম্পানি, এমটিবি সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, রয়াল ক্যাপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস এবং বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড।