শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টারঃ ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকা পোশাক কারখানার শ্রমিকদের এপ্রিলের বেতন দেওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রবিবার (৩ মে) বিজিএমইএ সভাপতি রুবানা হক এই আহ্বান জানিয়ে সংগঠনের সদস্যদের চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘মহামারি করোনাভাইরাসের থাবায় পুরো এপ্রিল মাসে শিল্পের উৎপাদন বন্ধ। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিক সবাই। এমন পরিস্থিতিতে উভয়পক্ষের স্বার্থ রক্ষায় সরকার মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় এক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিল মাসে বন্ধ সময়ে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বেতনের ৬০ শতাংশ প্রাপ্ত হবেন।

এর মধ্যে যদি কোনও শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা কোনো দিবসে কাজ করে থাকেন, তারা কর্মকালীন দিনে জন্য প্রাপ্য হবেন। ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। ’

উল্লেখ্য, ২৮ এপ্রিল শ্রমভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে পোশাক শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, করোনাভাইরাসের প্রভাবে এপ্রিল মাসে পোশাক খাতের বন্ধ থাকা কারখানার শ্রমিকরা মোট বেতনের ৬০ ভাগ পাবেন। আর যেসব কারখানায় যে কয়দিন কাজ হয়েছে, সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের পুরো অর্থ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com