বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : এই যেমন কাজ করল না মঙ্গলবার, ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে, স্বাধীনতা কাপ ফুটবলে ডি-গ্রুপের প্রথম ম্যাচে। এই আসরের একবারের চ্যাম্পিয়ন ও একবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লিমিটেড কোনমতে হার এড়িয়েছে। তারা ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
তিন মিনিটে দুই গোল। ৪৮ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় পুলিশ এফসি, ৫০ মিনিটে শোধ দেয় চট্টগ্রাম আবাহনী। মৌসুমের প্রথম ম্যাচে অল্পের জন্য হার এড়ালো মারুফুল হকের দল। ধারে-ভারে চট্টগ্রাম আবাহনীর চেয়ে পিছিয়ে পুলিশ দলটি। তারপরও তারা একটা ঝাঁকি দিয়েছিল দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মারুফুল হকের দলকে। যদিও এগিয়ে গিয়ে বেশিক্ষণ থাকতে পারেনি তারা।
৪৮ মিনিটে ব্রাজিলের ডেনিলসনের গোলে এগিয়ে যায় পুলিশ। ৫০ মিনিটে সেই গোল ফিরিয়ে দেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমিবোয়ে। এই জয়ে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেলো চট্টগ্রাম আবাহনী। তাদের পরের ম্যাচ বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে।
আবাহনীর রুবেল মিয়া ৬৭ মিনিটে একক প্রচেষ্টায় গোল করতে গিয়ে সহজ সুযোগ নষ্ট করেন। বক্সের দিকে এগুতে থাকেন রুবেল, পাশে ফাঁকায় থাকা সতীর্থ থ্যাংকগডকে পাস দিলেও পেতে পারতেন গোল। কিন্তু নিজ প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নেয়ার আগেই গোলরক্ষক নেহাল লাফিয়ে বল ছিনিয়ে নেন। উল্টো ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করায় হলুদ কার্ড দেখেন রুবেল মিয়া!