বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : নারী বিশ্বকাপ বাছইেয়ে, জিম্বাবুইয়েতে শুরু হওয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। হারারের ওল্ড হারারিয়ান্সে আগে ব্যাট করে পাক মেয়েরা মাত্র ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে নিদা দার ও আলিয়া রিয়াজ ১৩৭ রানের জুটি গড়লে ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তোলে পাক মেয়েরা।

নিদা ১১১ বলে ৮ চার, ২ ছক্কায় ৮৭ রানে আউট হলেও আলিয়া ৮২ বলে ৪ চার, ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রিতু মনি। জবাবে ২৪.৩ ওভারে ১ উইকেটে ৮০ রান তুলে দারুণ শুরু পেয়েও দ্রুত কিছু উইকেট খুইয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ১৬০ রানেই হারায় ৭ উইকেট। শেষ ৪ ওভারে ৪১ রান প্রয়োজন পড়ে। ৪৮তম ওভারে রুমানা আহমেদের তান্ডবে ১৮ রান দেন ওমাইমা সোহেল। এতেই ২ বল বাকি রেখে (৪৯.৪ ওভার) ৭ উইকেট হারিয়ে ২০২ রান তুলে দারুণ জয় পায় বাংলাদেশের মেয়েরা।

রুমানা ৪৪ বলে ৬ চারে ৫০ রানে অপরাজিত থাকেন। ফারজানা হক পিঙ্কি ৯০ বলে ২ চারে ৪৫, রিতু ৩৭ বলে ৫ চারে ৩৩ ও শারমিন আখতার ৩১ রান করেন। সালমা খাতুন ১৩ বলে ২ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। নাশরা সান্ধু ও ওমাইমা ২টি করে উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com